আ.লীগ নেতা রহমত আলীর দাফন সম্পন্ন

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য, সাবেক এলজিআরডি প্রতিমন্ত্রী অ্যাডভোকেট রহমত আলীর দাফন সম্পন্ন হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে গাজীপুরের শ্রীপুরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

এদিন সকালে জেলা শহরের শহীদ বরকত স্টেডিয়াম, দুপুরে সদর উপজেলার মুক্তিযোদ্ধা কলেজ মাঠ ও বিকেলে শ্রীপুরে মুক্তিযোদ্ধা রহমত আলী সরকারি কলেজ মাঠে তার জানাজা হয়। শহীদ বরকত স্টেডিয়ামে জানাজার আগে প্রয়াত নেতাকে স্মরণ করে বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুহাম্মদ ইকবাল হোসেন সবুজ প্রমুখ।

গতকাল সকালে তার মরদেহ স্টেডিয়ামে আনার পর গার্ড অব অনার প্রদান করেন পুলিশ সদস্যরা। পরে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ তার কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। গত রবিবার রাজধানীর স্কয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রহমত আলী।