নরসিংদীতে মুজিববর্ষ উপলক্ষে আলোকচিত্র শিল্পী সুবিমল দাস স্বপনের ১০০ ফ্রেমের আলোকচিত্র নিয়ে শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী একক আলোকচিত্র প্রদর্শনী ‘দৃষ্টিতে স্বদেশ’। গতকাল মঙ্গলবার বিকেল ৫টায় জেলা প্রশাসনের উদ্যোগে নরসিংদী জেলা শিল্পকলা একাডেমিতে আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন বরেণ্য চিত্রশিল্পী ও মুক্তিযোদ্ধা শাহাবুদ্দিন আহমেদ। সবার জন্য উন্মুক্ত প্রদর্শনীটি চলবে প্রতিদিন বেলা ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত।
আলোকচিত্র শিল্পী সুবিমল দাস স্বপন বলেন, আমি চেষ্টা করেছি আলোকচিত্রের মাধ্যমে আমার এই দেশ মাতৃকার ইতিহাস, ঐহিত্য ও প্রাকৃতিক সৌন্দর্য ফুটিয়ে তুলতে। আজকে এ প্রদর্শনীতে নরসিংদীর কৃতী সন্তান বিশ্ববরেণ্য চিত্রশিল্পী শাহাবুদ্দিন স্যারের উপস্থিতি আমার এ আলোকচিত্রকে গৌরবান্বিত করেছে আর আমাকে অনুপ্রাণিত করেছেন।
বিশ্ববরেণ্য চিত্রশিল্পী ও মুক্তিযোদ্ধা শাহাবুদ্দিন আহমেদ বলেন, ছবি তোলা সুবিমলের একমাত্র নেশা ও পেশা। জীবন ও প্রকৃতির সঙ্গে গভীরভাবে তার মেলামেশা। আর তাই দেশের আনাচে-কানাচে ঘুরে আলোকচিত্রের মধ্য দিয়ে তুলে ধরেছেন বাংলাদেশের ইতিহাস, ঐহিত্য, প্রাকৃতিক সৌন্দর্য ও মানুষের জীবনের গল্প। ছবির প্রতি তার যে ভালোবাসা তা সবসময় অব্যাহত থাকবে আশা করি।
সুবিমল দাস স্বপন আলোচিত্রে জাতীয় ও আন্তর্জাতিকভাবে অনেক পুরস্কার লাভ করেন। ২০০০ সালে জাপানে অনুষ্ঠিত এশিয়া প্যাসিফিক কালচারাল সেন্টার ফর ইউনেস্কো কর্তৃক আয়োজিত প্রতিযোগিতায় অংশ নিয়ে ফুজি ফিল্ম প্রাইজ ফর এক্সিলেন্স আন্তর্জাতিক পুরস্কার লাভ করেন।