যুদ্ধবিমান থেকে ক্রুজ মিসাইলের সফল পরীক্ষা পাকিস্তানের (ভিডিও)

যুদ্ধবিমান থেকে রা’দ-২ ক্রুজ মিসাইল নিক্ষেপের সফল পরীক্ষা চালিয়েছে পাকিস্তানের সামরিক বাহিনী।

পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) মঙ্গলবার এ কথা জানিয়েছে।

আইএসপিআর’র থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তির বরাত দিয়ে ডন জানায়, সর্বাধুনিক ‘গাইডেন্স ও নেভিগেশন’ প্রযুক্তিসম্পন্ন ৬০০ কিলোমিটার পাল্লার এই ক্রুজ মিসাইল লক্ষ্যবস্তুতে একেবারে নিখুঁতভাবে আঘাত হানতে সক্ষম।

সামরিক বাহিনীর স্ট্র্যাটেজিক প্লানস ডিভিশনের (এসপিডি) মহাপরিচালক লে. জেনারেল নাদীম জাকি মানি বলেন, ‘পাকিস্তানের প্রতিরোধ সক্ষমতা পূরণে এটি একটি বড় ধরনের অগ্রগতি।’

ক্রুজ মিসাইলের সফল পরীক্ষা সম্পন্ন করায় বিজ্ঞানী এবং প্রকৌশলীদের অভিনন্দন জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট আরিফ আলভি এবং প্রধানমন্ত্রী ইমরান খান।

এর আগে সর্বশেষ গত ২৩ জানুয়ারি ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ব্যালিস্টিক মিসাইল গজনভি’র সফল পরীক্ষা চালিয়েছিল পাকিস্তান সামরিক বাহিনী।

ভারতকে মোকাবিলায় দুর্বল অর্থনীতি সত্ত্বেও পাকিস্তান নিজেদের প্রতিরক্ষা সক্ষমতা বাড়াতে সামরিক বাহিনীর আধুনিকায়ন অব্যাহত রেখেছে। নিয়মিত বিরতিতে দেশটি ক্ষেপণাস্ত্রসহ বিভিন্ন অত্যাধুনিক অস্ত্রের পরীক্ষা চালিয়ে আসছে।