ভারত বাংলাদেশের যৌথ প্রযোজনায় নির্মিত হতে যাচ্ছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিক। শ্যাম বেনেগালের পরিচালনায় এ সিনেমার শুটিং শুরু হবে ১৭ মার্চ থেকে।
জানা গেছে, বেশিরভাগ অভিনেতা-অভিনেত্রীই প্রায় চূড়ান্ত। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে শিগগিরই আনুষ্ঠানিক ঘোষণা আসবে।
বেশ কিছু সূত্রে জানা গেছে, এই সিনেমায় বঙ্গবন্ধু চরিত্রে অভিনয় করবেন আরিফিন শুভ। খবরটি আগেই প্রকাশ হয়েছে। এবার শোনা গেল নতুন খবর। বঙ্গবন্ধুর স্ত্রী শেখ ফজিলাতুন্নেসার চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন জ্যোতিকা জ্যোতি।
এ বিষয়ে জানতে জ্যোতিকা জ্যোতির সঙ্গে যোগাযোগ করা হলে দেশ রূপান্তরকে তিনি বলেন, 'খবর একদম মিথ্যা নয়, আবার চূড়ান্তও কিছু নয়। কারণ সিনেমাটিতে বেগম মুজিবের চরিত্রে অভিনয় করার ব্যাপারে আমার সঙ্গে আলাপ হয়েছে কিন্তু কোনো চুক্তি হয়নি। আমি মুখিয়ে আছি কাজটি করার জন্য। এখন দেখা যাক কি হয়।'
এছাড়া দিলারা জামান, তৌকির আহমেদসহ আরও অনেকের নাম শোনা গেছে। তবে আনুষ্ঠানিক ঘোষণার আগে কোনোকিছুই চূড়ান্ত নয় বলে মন্তব্য করেছেন পরিচালক শ্যাম বেনেগাল।