বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচকে যাত্রীবাহী বাস খাদে পড়ে দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১৫ জন।
বুধবার বেলা সাড়ে ১১টার দিকে বগুড়া-জয়পুরহাট সড়কে কিচক বন্দরের অদূরে হাজিপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত বাস হেলপার শহিদুল ইসলাম (৪৫) শিবগঞ্জ উপজেলার রায়নগর উত্তরপাড়ার মৃত আমজাদ হোসেনের ছেলে এবং অটোরিকশা চালক দিলবর রহমান (৪৮) একই উপজেলার পুটখুর গ্রামের মৃত হাফেজ ফকিরের ছেলে।
প্রত্যক্ষদর্শী আবু হানিফ ও লোকমান হোসেনসহ কয়েকজন জানান, জয়পুরহাট থেকে বগুড়াগামী আধুনিকা পরিবহনের (বগুড়া-ব-৬২৬৮) একটি যাত্রীবাহী বাস কিচক বন্দরের অদূরে হাজিপুর ফিলিং স্টেশনের সামনে একটি অটোরিকশাকে সাইড দিতে গিয়ে খাদে উল্টে যায়।
এতে বাসের নিচে চাপা পড়ে অটোরিকশা চালক দিলবর ও বাসের হেলপার শহিদুল ঘটনাস্থলেই মারা যান।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে চাপাপড়া যাত্রীদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। আহতদের মধ্যে ৫জনের অবস্থা গুরুতর।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা হতাহতদের উদ্ধার করেছে। সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।