তাপসের মৃত্যুর জন্য কেন্দ্রীয় সরকারকে দুষলেন মমতা

পশ্চিমবঙ্গের অভিনেতা-রাজনীতিবিদ তাপস পালের মৃত্যুর জন্য ভারতের কেন্দ্রীয় সরকারকে দায়ী করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এনডিটিভি জানায়, তাপসের প্রতি শ্রদ্ধা জানাতে এসে এমন মন্তব্য করেন মমতা। তিনি জানান, এই নিয়ে কেন্দ্রীয় সরকারের ‘প্রতিহিংসামূলক রাজনীতি'-র কারণে তিনজনের মৃত্যু প্রত্যক্ষ করলেন। বাকি দুজন হলেন, তৃণমূল সাংসদ সুলতান আহমেদ এবং অন্য এক নেতা প্রসূন বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী।

৬১ বছরের বর্ষীয়ান অভিনেতা তাপস পাল মঙ্গলবার মুম্বাইতে মারা যান। চিট ফান্ড কেলেঙ্কারিতে জড়িয়ে পড়েছিলেন তিনি। তৃণমূলের অনেক নেতার সঙ্গে তাকেও অভিযুক্ত করে কেন্দ্রীয় সরকার।

মমতা বলেন, ‘কেন্দ্রীয় সরকারের এই ধরনের প্রতিহিংসামূলক রাজনীতি নিন্দনীয়। আমি আমার চোখের সামনে এই কারণে তিনটি মৃত্যু দেখলাম। আইন নিশ্চয়ই আইনের পথে চলবে। কিন্তু দিনের পর দি‌ন নিগ্রহ, নিঃশব্দ প্রচার... এসব মানুষকে শেষ করে দিচ্ছে। আমি তাপসের দিকে তাকাতেও পারছি না।'

তৃণমূল নেত্রী বলেন, ‘আজ আমি এই কথাগুলো বলতে বাধ্য হচ্ছি। যদিও আমাকে বলা হবে এগুলো রাজনীতি। তাপস পালের মৃত্যু প্রমাণ করে কেন্দ্রীয় সংস্থাগুলি কীভাবে কোনো ব্যক্তিকে মানসিক ভাবে ধ্বংস করে দিতে পারে। ও বিপর্যস্ত হয়েছিল। ওর উপরে অত্যাচার হয়েছিল। ও এক সময় এক নম্বর ফিল্ম তারকা ছিল। ওকে এক বছর জেলে কাটাতে হয়েছে।'

প্রসঙ্গত, সারদা ও নারদা কেলেঙ্কারিতে জড়িয়ে পড়ার অভিযোগে তৃণমূল কংগ্রেসের একাধিক নেতা-মন্ত্রী ও সাংসদদের জেরার সম্মুখীন অথবা জেলে যেতে হয়।

২০১৪ সালে প্রকাশ্যে আসে সারদা কেলেঙ্কারির কথা। স্বল্প বিনিয়োগে বিপুল লাভের টোপ ফেলে বহু মানুষের অর্থ আত্মসাৎ করার অভিযোগ উঠেছিল এই সংস্থার বিরুদ্ধে। নারদা নিউজের সিইও ম্যাথু স্যামুয়েল এক ব্যবসায়ী সেজে তৃণমূল নেতাদের কাছে গিয়ে দেখা করে ঘুষ দিতে চান। সেই ঘটনাগুলি ভিডিও তোলা হয় লুকানো ক্যামেরার সাহায্যে।