এবার করোনাভাইরাস আতঙ্কে স্থগিত বঙ্গবন্ধু ভলিবল

করোনাভাইরাস আতঙ্কে একদিন আগেই স্থগিত করা হয়েছে আইএসএসএফ আর্চারি প্রতিযোগিতা। তারও আগে স্থগিত হয় বঙ্গবন্ধু ইন্টারন্যাশনাল স্টান্ট সাইক্লিং প্রতিযোগিতা।

এবার স্থগিত হওয়ার তালিকায় এই দুটি আন্তর্জাতিক প্রতিযোগিতার সঙ্গে যোগ হলো বঙ্গবন্ধু এশিয়ান সিনিয়র মেনস সেন্ট্রাল জোন ভলিবল চ্যাম্পিয়নশিপ।

২২ মার্চ থেকে ঢাকায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল এই আসর। বাংলাদেশ সহ মোট ৮টি দেশ অংশ নেওয়ার কথা ছিল। বুধবার ভলিবল ফেডারেশনের পক্ষে জানানো হয়, ভলিবলের আন্তর্জাতিক এই আসর পিছিয়ে দেওয়া হয়ে ৬ মাসের জন্য।

ভলিবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আশিকুর রহমান মিকু সংবাদমাধ্যমকে বলেন, ‘করোনাভাইরাসের কারণে অংশগ্রহণকারী দেশসমূহের কাছ থেকে আমরা ইতিবাচক সাড়া পাইনি। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি প্রতিযোগিতাটি মার্চে নয়, আগামী সেপ্টেম্বরে হবে।’