ভাষাসৈনিক একেএম শামসুজ্জোহার ৩৩তম মৃত্যুবার্ষিকী আজ

ভাষাসৈনিক ও স্বাধীনতা সংগ্রামের অন্যতম সংগঠক একেএম শামসুজ্জোহার ৩৩তম মৃত্যুবার্ষিকী আজ। তিনি ছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর। তিনি আওয়ামী লীগের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য, গণপরিষদের সদস্য ও স্বাধীনতা-পরবর্তী জাতীয় সংসদ সদস্যও ছিলেন।

একেএম শামসুজ্জোহার বাবা মরহুম জননেতা খান সাহেব ওসমান আলীও ছিলেন একজন ভাষাসৈনিক, বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সদস্য ও সাবেক এমএনএ। ঐতিহ্যবাহী এই পরিবারের আদি নিবাস নারায়ণগঞ্জের ‘বায়তুল আমান ভবন’ আজও কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। সেখানে বাংলাদেশ আওয়ামী লীগ প্রতিষ্ঠার বীজ বপন করা হয়েছিল।

শামসুজ্জোহার ৩৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ মরহুমের পরিবার ও নারায়ণগঞ্জ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন দিনভর কর্মসূচি পালন করবে। দিনব্যাপী কর্মসূচির মধ্যে রয়েছে কোরআনখানি, শোক র‌্যালি, কবরে পুষ্পস্তবক অর্পণ ও জিয়ারত, দোয়া মিলাদ এবং আলোচনা সভা। পরিবারের পক্ষ থেকে সবাইকে মরহুমের রুহের মাগফিরাত কামনায় চাষাঢ়ার পৈতৃক বাড়ি হীরা মহল সংলগ্ন মসজিদে বাদ আসর আয়োজিত মিলাদ ও দোয়ায় অংশ নিতে আবেদন জানানো হয়েছে।