একুশে ফেব্রুয়ারি ঘিরে নিরাপত্তার কোনো হুমকি নেই বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম। দিবসটি পালন উপলক্ষে রাজধানীজুড়ে নিñিদ্র নিরাপত্তার বলয় গড়ে তোলা হয়েছে বলেও জানান তিনি। গতকাল বুধবার সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে ডিএমপির নেওয়া নিরাপত্তাব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান তিনি।
ডিএমপি কমিশনার বলেন, ‘নিরাপদ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনের জন্য ডিএমপির পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। শহীদ মিনারের বেদি থেকে আশপাশের এলাকাগুলোকে চার ভাগে ভাগ করে সেই অনুযায়ী নিরাপত্তা কৌশল গ্রহণ করা হয়েছে।’
তিনি আরও জানান, অন্যান্যবারের মতো এবারও শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে কঠোর নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে। শহীদ মিনারকেন্দ্রিক প্রতিটি জায়গা সিসি ক্যামেরার আওতায় থাকবে। শহীদ মিনার চত্বরে আর্চওয়ে ও তল্লাশি ছাড়া কোনো ব্যক্তিকে ঢুকতে দেওয়া হবে না।
মহানগর পুলিশ প্রধান বলেন, ‘নিরাপত্তার জন্য ২৪ ঘণ্টায় আমাদের ফোর্স মোতায়েন থাকবে। পাশাপাশি যেকোনো পরিস্থিতি মোকাবিলায় সোয়াট, বোম্ব ডিসপোজাল ইউনিট ও ডগ স্কোয়াড প্রস্তুত থাকবে। সমস্ত এলাকা সুইমিং করা হবে। নিরাপত্তার জন্য সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করা হবে। সাদা পোশাকে ডিবি ও স্পেশাল ব্রাঞ্চের অফিসাররা মোতায়েন থাকবে। ঢাকা বিশ্ববিদ্যালয়কেন্দ্রিক পুলিশের পর্যাপ্ত মোবাইল ও প্যাট্রোল টিম থাকবে।