চার দফা দাবি

শনিবার থেকে কর্মবিরতির ঘোষণা স্বাস্থ্য সহকারীদের

বেতন স্কেল ও টেকনিক্যাল পদমর্যাদাসহ ৪ দফা দাবিতে ২২ ফেব্রুয়ারি শনিবার থেকে কর্মবিরতিতে যাচ্ছেন সারা দেশের স্বাস্থ্য সহকারীরা। এতে করে সারা দেশের ১ লাখ ২০ হাজার আউটরিচ রুটিন টিকাদান কেন্দ্রের কর্মসূচি বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন তারা। স্বাস্থ্য সহকারীদের দাবি মেনে প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত এ কর্মবিরতি অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

গতকাল বুধবার জাতীয় প্রেস ক্লাবের মাওলানা মো. আকরাম খাঁ হল রুমে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা করেন স্বাস্থ্য সহকারীদের সংগঠনের প্রধান সমন্বয়ক মো. এনায়েত রাব্বি লিটন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন এনায়েত রাব্বি লিটন। দাবিগুলোর মধ্যে রয়েছে টেকনিক্যাল পদমর্যাদাসহ স্বাস্থ্য সহকারীদের বেতন গ্রেড ১৬তম থেকে ১৪তমে উন্নীতকরণ, ক্রমানুসারে স্বাস্থ্য পরিদর্শক ও সহকারী স্বাস্থ্য পরিদর্শকদের গ্রেড উন্নীতকরণ, স্বাস্থ্য সহকারীদের বেতন স্কেলসহ টেকনিক্যাল পদমর্যাদা প্রদানের জন্য ৩ বছর মেয়াদি ডিপ্লোমা ট্রেনিং চালুকরণসহ ট্রেনিং-পরবর্তী অটো ১১তম গ্রেডে আপগ্রেডেশন, প্রতি ৬ হাজার জনগোষ্ঠীর জন্য একজন, প্রতি পুরনো ওয়ার্ডের জন্য দুজন স্বাস্থ্য সহকারী নিয়োগ দান এবং স্বাস্থ্য সহকারীদের জব ডেসক্রিপশন তথ্য ব্যবস্থাপনার (এমআইএস) মাধ্যমে স্বাস্থ্য বিভাগের ওয়েবসাইট নীড়ের পাতায় অন্তর্ভুক্তিকরণ।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন স্বাস্থ্য সহকারীদের সংগঠন সমন্বয় পরিষদের সমন্বয়ক শেখ রবিউল আলম খোকন, কেন্দ্রীয় দাবি বাস্তবায়ন সমন্বয় পরিষদের সদস্য আবুল ওয়ারেশ পাশা পলাশ, জাকারিয়া হোসেন, ফাহিম সিদ্দিকী, মোর্শেদুল আলম, জিয়াউর রহমান কাবুল, ওয়াসিউদ্দিন আহম্মেদ রানাসহ দেশের বিভিন্ন জেলা কমিটির নেতারা।