সুপ্রিম কোর্ট বার নির্বাচনে ভোটগ্রহণ ১১ ও ১২ মার্চ

সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে ভোটগ্রহণ হবে আগামী ১১ ও ১২ মার্চ। গতকাল বুধবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সমিতির বর্তমান নেতৃবৃন্দ। সংবাদ সম্মেলনে জানানো হয়, ১৯ ফেব্রুয়ারি থেকে ১ মার্চ পর্যন্ত মনোনয়ন দাখিল ও ৪ মার্চ মনোনয়ন প্রত্যাহারের তারিখ ধার্য করা হয়েছে। নির্বাচনে সভাপতি ও সম্পাদকসহ কার্যনির্বাহী কমিটির ১৪টি পদের জন্য ভোট দেবেন উচ্চ আদালতের আইনজীবীরা। নির্বাচন উপলক্ষে সাত সদস্যের নির্বাচন পরিচালনা উপকমিটি ঘোষণা করা হয়েছে। এতে আহ্বায়ক হিসেবে রয়েছেন জ্যেষ্ঠ আইনজীবী এ ওয়াই মশিউজ্জামান।

নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে গত ১০ ফেব্রুয়ারি সরকার সমর্থক (সাদা প্যানেল) প্যানেল ঘোষণা করা হয়। এতে সভাপতি পদে এ এম আমিন উদ্দিন ও সম্পাদক পদে অ্যাডভোকেট শাহ মঞ্জুরুল হককে মনোনয়ন দেওয়া হয়। এর আগে ৫ ফেব্রুয়ারি বিএনপি সমর্থক আইনজীবীদের প্যানেল (নীল প্যানেল) ঘোষণা করা হয়। এই প্যানেল থেকে সভাপতি পদে জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট জয়নুল আবেদীন ও সম্পাদক পদে ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল প্রতিদ্বন্দ্বিতা করবেন। প্রসঙ্গত সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির ২০১৯-২০ সেশনের নির্বাচনে ১৪টি পদের মধ্যে সভাপতিসহ ছয়টিতে আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেল নির্বাচিত হয়। অন্যদিকে সম্পাদকসহ আটটি পদে নির্বাচিত হয় বিএনপি সমর্থিত নীল প্যানেল।