জার্মানিতে দুটি সিসা বারে গুলিতে নিহত ৮

জার্মানির পশ্চিমাঞ্চলীয় হানাউ শহরে দুটি সিসা বারে বন্দুক হামলার ঘটনায় কমপক্ষে আটজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও পাঁচজন।

বুধবার স্থানীয় সময় রাত ১০টার দিকে বন্দুকধারীদের হামলায় এ হতাহতের ঘটনা ঘটে বলে বিবিসিকে জানিয়েছে পুলিশ।

তারা আরও বলেছে, সন্দেহভাজনদের খোঁজে অভিযান চলছে। ঘটনার পর হামলাকারীরা পালিয়ে গেছে এবং বর্তমানে আত্মগোপনে আছে।

স্থানীয় সংবাদমাধ্যম জানায়, হানাউ শহরের কেন্দ্রে প্রথম বন্দুক হামলার ঘটনা ঘটে। দ্বিতীয় ঘটনাটি ঘটে হানাউয়ের পার্শ্ববর্তী কেসেলস্টাড এলাকায়।

দুটি এলাকাতেই পুলিশ এবং হেলিকপ্টার মোতায়েন করা হয়েছে।

স্থানীয় একটি টেলিভিশন জানায়, অজ্ঞাত সংখ্যক বন্দুকধারী মধ্যরাতে প্রথম সিসা বারে হামলা চালিয়ে তিনজনকে হত্যা করে। এরপর ‘এরিনা বার অ্যান্ড ক্যাফে’ গিয়ে আরও পাঁচজনকে গুলি করে হত্যা করে তারা।

এ সময় একটি কালো রঙের গাড়িকে ঘটনাস্থল ত্যাগ করতে দেখা যায়।

হামলার উদ্দেশ্য তাৎক্ষণিক নিশ্চিত হওয়া যায়নি বলে এক বিবৃতিতে জানিয়েছে পুলিশ।

চার দিন আগে বার্লিনের টেম্পোডোম কনসার্ট ভেন্যুতে তুর্কি কমেডি শো’র পাশে আরেক বন্দুক হামলার ঘটনায় এক ব্যক্তি নিহত হয়েছিলেন।