প্রেমিকার শখ পূরণে গাঁজা পাচার করতে গিয়ে শ্রীঘরে কলেজছাত্র

প্রেমিকার শখ পূরণ করতে হেন কিছু নেই করতে পারে প্রেমিক। মনের মানুষের কথা রাখতে গিয়ে অনেক সময়ই প্রেমিক কাজের পরিণতির কথাও ভুলে যায়।

এবার প্রেমিকার শখ পূরণ করতে গিয়ে গাঁজা পাচারের কারবারে জড়িয়ে শ্রীঘরে যেতে হলো কলেজছাত্রকে।

সংবাদ প্রতিদিন জানায়, রাজু রায় নামে ওই যুবক ভারতের কোচবিহার সদর এলাকার বাসিন্দা। মাথাভাঙা কলেজের প্রথম বর্ষের ছাত্র। কলেজ হোস্টেলে থেকেই পড়াশোনা করে রাজু।

মঙ্গলবার রাতে তাকে জংশন এলাকা থেকে গাঁজাসহ গ্রেপ্তার করে শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের প্রধাননগর থানার পুলিশ। উদ্ধার হয় ১৬ কেজি ৯০০ গ্রাম গাঁজা যার আনুমানিক বাজার মূল্য সাড়ে তিন লাখ রুপি।

কোচবিহার থেকে শিলিগুড়ি হয়ে ওই গাঁজা বিহারে পাচারের কথা ছিল। বিনিময়ে ১০ হাজার টাকা পেত কলেজ পড়ুয়া। কিন্তু পরিকল্পনা ভেস্তে দেয় পুলিশ।

ৱ বুধবার ধৃতকে শিলিগুড়ি আদালতে তোলা হয়। বিচারক তাকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন।

শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের এসিপি (জোন ১) বিদিতরাজ ভুনদেশ বলেন, ‘গাঁজা পাচারের ক্যারিয়ার হিসেবে ওই যুবককে ব্যবহার করা হচ্ছিল। পরিস্থিতির সুযোগ নিয়ে পাচারকারীরা ওকে ব্যবহার করেছে।’

পুলিশ জানতে পারে, কলেজে ভর্তি হওয়ার পর এক তরুণীর প্রেমে পড়ে যান রাজু। রেস্তরাঁয় খাওয়া-দাওয়া, ঘোরাফেরা এবং দামি উপহারের খরচ মেটাতে গিয়ে হিমশিম অবস্থা তার। কিছুতেই প্রেমিকার চাহিদাপূরণ করতে পারছিলেন না তিনি। এ নিয়ে তরুণীর সঙ্গে অশান্তিও হয়েছে বিস্তর।

পরে বন্ধুরা দীপক নামে এক ব্যক্তির সঙ্গে তাকে যোগাযোগ করিয়ে রাজুকে। টাকা উপার্জনের জন্য গাঁজা ব্যাগে ভরে বিহারে পাচারের বুদ্ধি দেয়  দীপক। সেই ফাঁদে পা দিয়ে বিপাকে পড়েন রাজু।

একটি সুটকেসে ভরে মঙ্গলবার সকালে গাঁজা নিয়ে রওনা দেন এই কলেজ পড়ুয়া। কিন্তু জানতেন না শিলিগুড়িতে তার জন্যই অপেক্ষায় রয়েছে পুলিশ। শিলিগুড়িতে পা রাখামাত্রই পুলিশ তাকে গ্রেপ্তার করে।