ময়মনসিংহের ভালুকায় সড়ক দুর্ঘটনায় ট্রাক চালকসহ ২জন নিহত হয়েছেন। বুধবার রাত ২টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভরাডোব বাসস্ট্যান্ড এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
জানা যায়, নেত্রকোনা থেকে ঢাকাগামী মুরগিবাহী একটি ট্রাক (ঢাকা মেট্রো ন ১১-৫২০৫) ভরাডোবা বাসস্ট্যান্ড এলাকায় চালক নিয়ন্ত্রণ হারিয়ে বালিবোঝাই একটি ট্রাকের পেছনে ধাক্কা লেগে মুরগিবোঝাই ট্রাকটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।
এতে ঘটনাস্থলে নেত্রকোনা জেলার মজিদের ছেলে ও মুরগিবাহী ট্রাক চালক আমিরুল (৩০) ও একই জেলার মনির উদ্দিনের ছেলে শামীম (৩৫) ঘটনাস্থলে নিহত হন।
এ সময় অপর যাত্রী শামীমের বড় ভাই রুহুল আমীন গুরুতর আহত হয়। তাকে ফায়ার সার্ভিসের লোকজন উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
ভরাডোবা হাইওয়ে পুলিশের টিআই মো. রফিকুল ইসলাম বলেন, মুরগিবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বালিবোঝাই ট্রাকের পেছনে ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।