গ্রামীণফোন এবার টাকা দেবে: বিটিআরসি

গ্রামীণফোন সোমবারের মধ্যে এক হাজার কোটি টাকা দিয়ে দেবে বলে আশাপ্রকাশ করেছেন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান জহুরুল হক।

বৃহস্পতিবার সকালে আপিল বিভাগ গ্রামীণফোনকে সোমবারের মধ্যে এক হাজার কোটি টাকা দেওয়ার নির্দেশ দেয়।
এরপর বিটিআরসি চেয়ারম্যান নিজ কার্যালয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এ কথা বলেন।

বিটিআরসির চেয়ারম্যান বলেন, ‘গ্রামীণফোন সব জায়গায় গেছে। আর কোনো জায়গা নেই। আমার মনে হয়, তারা টাকা দিয়ে দেবে।’ 

তিনি বলেন, ‘হয়ত রোববার দেবে। আজ তো ব্যাংক বন্ধ হয়ে গেছে।’

জহুরুল হক বলেন, ‘আদালত পরিষ্কার করে বলে দিয়েছেন, এক হাজার কোটি টাকা। এর নিচে নেওয়ার সুযোগ নেই। সোমবার কোর্ট বাকি টাকার জন্য যে আদেশ দেবেন, আমরা সেটাই মানব। বল এখন কোর্টের কাছে।’ 

গ্রামীণফোন টাকা না দিলে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে উল্লেখ করেন তিনি।

বৃহস্পতিবার প্রধান বিচারপতির নেতৃত্বাধীন সাত বিচারপতির আপিল বেঞ্চ গ্রামীণফোনকে নিরীক্ষা দাবির পাওনা এক হাজার কোটি টাকা সোমবারের মধ্যে দিতে নির্দেশ দিয়েছেন।