টিআইবির ট্রাস্টি বোর্ডের নতুন চেয়ারপারসন ড. পারভীন হাসান

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) ট্রাস্টি বোর্ডের নতুন চেয়ারপারসন হয়েছেন দুর্নীতিবিরোধী সংস্থাটির বর্তমান মহাসচিব ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক অধ্যাপক ড. পারভীন হাসান। আগামীকাল শনিবার থেকে তিনি বর্তমান চেয়ারপারসন ড. সুলতানা কামালের স্থলাভিষিক্ত হবেন।

বৃহস্পতিবার টিআইবির জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, টিআইবি ট্রাস্টি বোর্ডের নতুন মহাসচিব নির্বাচিত হয়েছেন সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. তাসনিম সিদ্দিকী ও অ্যাডভোকেট সুস্মিতা চাকমা সংস্থাটির নতুন ট্রাস্টি সদস্য নির্বাচিত হয়েছেন। গত বুধবার টিআইবির ধানমণ্ডির কার্যালয়ে অনুষ্ঠিত বোর্ডের ১০৩তম সভায় সর্বসম্মতিক্রমে তাদের এসব পদে নির্বাচিত করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সভায় টিআইবির উদ্যোগে পরিচালিত দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনে অসামান্য অবদান রাখার জন্য বোর্ড সর্বসম্মতিক্রমে বিদায়ী চেয়ারপারসন অ্যাডভোকেট সুলতানা কামালের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করে। এ ছাড়া বোর্ড বিদায়ী সদস্য এম. হাফিজউদ্দিন খান ও ড. আকবর আলি খানকে টিআইবির কার্যক্রমে ভূমিকা ও অবদান রাখার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে।

উল্লেখ্য, ট্রাস্টি হিসেবে মেয়াদ শেষ হলেও তারা সাধারণ পর্ষদের সদস্য হিসেবে টিআইবির সঙ্গে সংযুক্ত থাকবেন।

নতুন চেয়ারপারসন অধ্যাপক পারভীন হাসান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সাবেক শিক্ষক। তিনি যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে ইসলামিক স্থাপত্য বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। বর্তমানে তিনি সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর হিসেবে দায়িত্ব পালন করছেন।

ট্রাস্টি বোর্ড টিআইবির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম। বোর্ডের অন্য সদস্যরা হলেন– মাহফুজ আনাম, জ্যেষ্ঠ আইনজীবী তৌফিক নেওয়াজ, সৈয়দা রুহী গজনবী, পারভিন মাহমুদ, আবুল মোমেন ও অধ্যাপক ফখরুল আলম।