বিজরী-ইন্তেখাব দম্পতির গৃহকর্মীর রক্তাক্ত লাশ

অভিনয়শিল্পী দম্পতি বিজরী বরকতউল্লাহ ও ইন্তেখাব দিনারের বাসার গৃহকর্মীর রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তার নাম তানজিন (১৫)। গতকাল বৃহস্পতিবার উত্তরা ৭ নম্বর সেক্টরের ৫ নম্বর রোডে রাজউক কমার্শিয়াল কমপ্লেক্সের পেছনের একটি ভবনের সামনে থেকে তার লাশ উদ্ধার করা হয়। ওই ভবনের একটি ফ্ল্যাটের বাসিন্দা বিজরী-ইন্তেখাব দম্পতি।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ বলছে, তানজিন ৯ তলা ভবনটির ছাদ থেকে লাফিয়ে আত্মহত্যা করেছে। তবে কী কারণে আত্মহত্যা করেছে সে বিষয়ে কিছু জানাতে পারেনি। নিহত তানজিন সুনামগঞ্জের শাল্লা থানার আবদুল হাকিমের মেয়ে।

উত্তরা পশ্চিম থানার এসআই সুকান্ত দেশ রূপান্তরকে জানান, উত্তরার ওই ভবনের ৮ তলার একটি ফ্ল্যাটে বিজরী-ইন্তেখাব দম্পতির বাসায় গৃহকর্মীর কাজ করত তানজিন। গতকাল দুপুর পৌনে ১২টার দিকে প্রতিবেশীরা ভবনের সামনে তার রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখে। খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে।