টিআইবির ট্রাস্টি বোর্ডের নতুন চেয়ারপারসন ড. পারভীন হাসান

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) ট্রাস্টি বোর্ডের নতুন চেয়ারপারসন হয়েছেন দুর্নীতিবিরোধী সংস্থাটির বর্তমান মহাসচিব ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক অধ্যাপক ড. পারভীন হাসান। আগামীকাল শনিবার থেকে তিনি বর্তমান চেয়ারপারসন ড. সুলতানা কামালের স্থলাভিষিক্ত হবেন। গতকাল বৃহস্পতিবার টিআইবির জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, টিআইবি ট্রাস্টি বোর্ডের নতুন মহাসচিব নির্বাচিত হয়েছেন সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. তাসনিম সিদ্দিকী ও অ্যাডভোকেট সুস্মিতা চাকমা সংস্থাটির নতুন ট্রাস্টি সদস্য নির্বাচিত হয়েছেন। গত বুধবার টিআইবির ধানমণ্ডির কার্যালয়ে অনুষ্ঠিত বোর্ডের ১০৩তম সভায় সর্বসম্মতিক্রমে তাদের এসব পদে নির্বাচিত করা হয়।