ইউএনওর আচরণে ক্ষুব্ধ মুক্তিযোদ্ধাদের শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন বর্জন

উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) আচরণে ক্ষুব্ধ হয়ে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শহীদ মিনারে শ্রদ্ধা জানানো বর্জন করেছেন মুক্তিযোদ্ধারা।

শুক্রবার দিবাগত রাত ১২টায় বালিয়াডাঙ্গী উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে এ ঘটনা ঘটে।

মুক্তিযোদ্ধাদের অভিযোগ, স্বাধীনতার পর থেকে স্থানীয় প্রশাসনের পর মুক্তিযোদ্ধারা প্রতিটি দিবসে শহীদ মিনার এবং স্মৃতিস্তম্ভে ফুলেল শ্রদ্ধা জানানোর সুযোগ পায়। কিন্তু এবারে উপজেলা নির্বাহী অফিসার খায়রুল আলম সুমন উপজেলা প্রশাসনের পর স্থানীয় পুলিশকে ২ নম্বর এবং মুক্তিযোদ্ধাদের ৩য় নম্বর করে ফুলেল শ্রদ্ধা জানানোর কথা বলেন।

এমন ঘোষণার পর মুক্তিযোদ্ধারা শহীদ মিনার ত্যাগ করে ফুল দেওয়া বর্জন ঘোষণা করে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডার কার্যালয়ে চলে আসেন।

মুক্তিযোদ্ধা সফিকুল ইসলাম, সলেমান আলীসহ কয়েকজন মুক্তিযোদ্ধা বলেন, ইউএনও'র নতুন নিয়ম আমরা মানি না। আমরা শহীদ মিনারে ফুলের শ্রদ্ধা বর্জন করলাম।

এরপর রাত সাড়ে ১২টায় সময় ইউএনও খায়রুল আলম সুমন মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের কার্যালয়ে এসে মুক্তিযোদ্ধাদের পুনরায় ফুলেল শ্রদ্ধা জানাতে বলেন। রাত ১টা পর্যন্ত মুক্তিযোদ্ধারা শহীদ মিনারে ফুলেল শ্রদ্ধা প্রদান করেননি।

উপস্থিত অনেকে জানান, মুক্তিযোদ্ধারা দেশের বীর সন্তান। তাদের অগ্রাধিকার সবার আগে। এমনটা করা ইউএনও'র উচিত হয়নি।

বালিয়াডাঙ্গী প্রেস ক্লাবের সভাপতি এন এম নুরুল ইসলাম বলেন, মুজিব বর্ষে মুক্তিযোদ্ধাদের গুরুত্ব না দেওয়া খুবই নিন্দনীয় কাজ। আশা করছি বিষয়টি তদন্ত করবে প্রশাসন।

উপজেলা নির্বাহী অফিসার খায়রুল আলম সুমন তাৎক্ষণিকভাবে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে রাজি হননি।