রামমন্দির নির্মাণ ট্রাস্টের নেতৃত্বে বাবরি মসজিদ ভাঙার অভিযুক্তরা

বাবরি মসজিদ ভাঙার অভিযুক্তদের দিয়েই গঠন করা হয়েছে রামমন্দির ট্রাস্ট। এই ট্রাস্টের অধীনে বাবরি মসজিদের স্থলে নির্মিত হবে রামমন্দির।

ভারতের প্রভাবশালী সংবাদমাধ্যম দ্য হিন্দু জানায়, রামমন্দির ট্রাস্টের চেয়ারম্যান নৃত্য গোপাল দাস এবং জেনারেল সেক্রেটারি চম্পত রায় বানসাল দুজনেই বাবরি মসজিদ ভাঙার সময় করসেবক ছিলেন।

বাবরি মসজিদ ভাঙার জন্য করসেবকদের উসকানি দেয়ার সময় দুজনই মঞ্চে ছিলেন। সেদিন মঞ্চে সাবেক উপপ্রধানমন্ত্রী এল কে আদভানিসহ ছিলেন শীর্ষ আট নেতা।

ভারতের গোয়েন্দা সংস্থা সিবিআইর চার্জশিটে ৪৮ জনের মধ্যে আছেন গোপাল-চম্পত। তবে ২০০১ সালে বাবরি মসজিদ ভাঙার অভিযোগ থেকে ২১জনকে রেহাই দেয় দেশটির আদালত। যাদের মধ্যে ছিলেন এই দুইজনও।

যদিও ২০১৭ সালে সুপ্রিম কোর্ট আদভানিসহ আট শীর্ষ নেতার বিরুদ্ধে ১২০-বি ধারায় (অপরাধমূলক প্ররোচনা) অভিযোগ গঠনের দায়িত্ব দেয়। এ ছাড়া এই অভিযোগে সিবিআই চার্জশীট থেকে অন্যান্যদের সঙ্গে যুক্ত করা হয় গোপাল-চম্পতও।