নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে একরকম চমকে দিয়েছে ভারত। স্বাগতিক ও বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে হারিয়েছে দলটি। পুনম যাদবের স্পিনে এদিন ঘায়েল হয়েছে অস্ট্রেলিয়ার নারীরা।
শুক্রবার সিডনি শোগ্রাউন্ড স্টেডিয়ামে ১৭ রানের জয় তুলে নেয় ভারত।
টস হেরে আগে ব্যাট করে ৪ উইকেটে ১৩২ রান করেছিল হারমানপ্রিত করের নেতৃত্বাধীন ভারত। জবাবে ১ বল বাকি থাকতে ১১৫ রানে গুটিয়ে যায় অস্ট্রেলিয়া।
অস্ট্রেলিয়ান ওপেনার অ্যালিসা হেলি সর্বোচ্চ ৫১ রান করেন। পাঁচে খেলতে নামা অ্যাশলেঘ গার্ডনার খেলেন ৩৪ রানের ইনিংস। বাকিদের কেউই দুই অঙ্কোর স্কোর ছুঁতে পারেননি।
৫৫ রানে ২ উইকেট হারানো অস্ট্রেলিয়া অ্যালিসা হেলির ব্যাটে এগোচ্ছিল। কিন্তু হেলিকে নিজের প্রথম শিকার বানান পুনম। তাতে ৬৭ রানে তৃতীয় উইকেট হারায় অজি মেয়েরা।
এরপর আরো টানা তিন উইকেট তুলে নেন পুনম। তাতে ৮২ রানে ৬ উইকেট হারিয়ে ফেলে অস্ট্রেলিয়া।
গার্ডনার উইকেটে ছিলেন বলে তবু আশা জেগে ছিল স্বাগতিকদের। শিখা পান্ডে তাকে শিকার বানান। ফলে হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে অস্ট্রেলিয়াকে।
পুনম ৪ ওভার বল করে ১৯ রান খরচায় ৪ উইকেট নিয়েছেন। শিখা পান্ডে নিয়েছেন ৩ উইকেট।
এর আগে ব্যাট হাতে ভারতের হয়ে দ্যুতি ছড়িয়েছেন দিপ্তি শর্মা। ৪৬ বলে ৩ চারে অপরাজিত ৪৯ রানের ইনিংস খেলেছেন তিনি। এ ছাড়া শেফালি ভার্মা ২৯ ও জেমিমাহ রদ্রিগেজ ২৬ রান করেছেন।
অস্ট্রেলিয়ার মেয়েদের পক্ষে সর্বাধিক ২ উইকেট নিয়েছেন জেস জোনাসেন। ম্যাচসেরা হয়েছেন পুনম যাদব।