দক্ষিণের হ্যাটট্রিক না পুবের প্রথম

টানা দ্বিতীয়বারের মতো বিসিএলের ফাইনালে মুখোমুখি দক্ষিণাঞ্চল ও পূর্বাঞ্চল। গতবার পূর্বাঞ্চলকে হারিয়ে শিরোপা জিতেছিল দক্ষিণাঞ্চল। সেবার টানা দ্বিতীয়বারের মতো শিরোপা জিতেছিল দলটি। এর আগেও টানা দুবার শিরোপা জিতেছিল দক্ষিণাঞ্চল। ২০১৪ ও ২০১৫ সালে। এবার শিরোপার হ্যাটট্রিক পূরণের পালা। এখন পর্যন্ত হওয়া সাত আসরের মধ্যে সর্বোচ্চ চারবারের চ্যাম্পিয়ন দক্ষিণাঞ্চল। নিজেদের আরও উঁচুতে নিতে পারবে কি তারা? নাকি অধরা শিরোপায় হাত রাখবে পূর্বাঞ্চল। এর আগে তিনবার ফাইনালে উঠে তিনবারই হতাশ হয়েছিল দলটি। চতুর্থ চেষ্টায় ‘লাকি’ হওয়ার লক্ষ্য তাদের।

পূর্বাঞ্চল ‘লাকি’ হবে কি না তা সময়ই বলে দেবে কিন্তু দলের যা অবস্থা তাতে বাস্তবতা কঠিন। চার দলের তালিকায় পয়েন্টের হিসেবে সবচেয়ে এগিয়ে পূর্বাঞ্চলই। ৩ ম্যাচে ২ জয় ও ১টি ড্র তে ২৩.৪৭ পয়েন্ট তাদের। ওদিকে দ্বিতীয় স্থানে থাকা দক্ষিণাঞ্চল ৩ ম্যাচে ১ জয় ও ২ ড্রয়ে পেয়েছে ১৯.৮৯ পয়েন্ট। কিন্তু ফাইনালে দলে থাকা ক্রিকেটারদের ওজনে পিছিয়ে পূর্বাঞ্চল। আসরে সবচেয়ে বেশি ধাক্কা খাওয়া দল তারাই। জাতীয় দলের সেরা ক্রিকেটাররা আছেন এই দলে। কিন্তু প্রথম রাউন্ডের পর একাদশের পাঁচ খেলোয়াড়ই নেই। তামিম ইকবাল, অধিনায়ক মুমিনুল হক, আবু জায়েদ রাহি ও তাইজুল ইসলামদের মতো গুরুত্বপূর্ণ ক্রিকেটারদের হারিয়ে শক্তিতে পিছিয়ে আছে পূর্বাঞ্চল। সর্বশেষ ধাক্কা তৃতীয় রাউন্ডের জোড়া সেঞ্চুরিয়ান ইয়াসির আলি রাব্বিকেও না পাওয়া। জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টের ব্যস্ততা থাকায় বিসিএল খেলতে পারছেন না এই ব্যাটসম্যান। তাই আগে চার আর নতুন করে একজনকে হারিয়ে সেরা একাদশের অর্ধেক নেই পূর্বাঞ্চলের। এমন অবস্থায় একটু স্বস্তি পেসার হাসান মাহমুদকে ফিরিয়ে দিয়েছে জাতীয় দল। শিরোপা জয়ের জন্য তারকা নির্ভর দক্ষিণাঞ্চলের বিপক্ষে লড়াই করা দলটির জন্য কঠিন বটে।

এদিকে দক্ষিণাঞ্চলে যোগ দিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। টেস্ট ক্যারিয়ার বাঁচাতে এই ম্যাচকে অবশ্যই ‘লাইফলাইন’ হিসেবে দেখছেন তিনি। সঙ্গে নিয়মিত পারফরমার নুরুল হাসান সোহান, এনামুল হক বিজয় ও বর্তমানে দুই সেরা পেসার আল আমিন হোসেন ও শফিউল ইসলামকে নিয়ে বেশ জোর প্রস্তুতিতেই ফাইনালে নামবে দক্ষিণাঞ্চল।

বিসিবি দক্ষিণাঞ্চল : আব্দুর রাজ্জাক (অধিনায়ক), নুরুল হাসান সোহান, আল-আমিন জুনি, এনামুল হক বিজয়, ফজলে মাহমুদ রাব্বি, মাহমুদউল্লাহ রিয়াদ, শামসুর রহমান, মেহেদী হাসান, ইরফান সুক্কুর, কামরুল ইসলাম রাব্বি, আল আমিন হোসেন, ফরহাদ রেজা, শফিউল ইসলাম, নাসুম আহমেদ, তাসামুল হক।

ইসলামী ব্যাংক পূর্বাঞ্চল : মোহাম্মদ আশরাফুল, পিনাক ঘোষ, তানজিদ হাসান তামিম, ইমরুল কায়েস, নাসির হোসেন, আফিফ হোসেন, মো. জাকির হাসান, মাহমুদুল হাসান লিমন, অমিত হাসান, নাজমুল ইসলাম অপু, রুয়েল মিয়া, হাসান মাহমুদ, রুবেল হোসেন, সাকলাইন সজিব, রনি চৌধুরী।