অস্ট্রেলিয়াকে হারিয়ে চমক ভারতের

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে ‘এ’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে ১৭ রানে হারিয়েছে ভারত। সিডনিতে গতকাল বিশ্বকাপের প্রথম দিনে টস হেরে ব্যাটিংয়ে নেমে ভারত তোলে ৪ উইকেটে ১৩২ রান। জবাব দিতে নেমে স্পিনার পুনম যাদবের ঘূর্ণিতে অস্ট্রেলিয়া অলআউট হয় ১১৫ রানে। পুনম নেন ১৯ রানে ৪ উইকেট।

ম্যাচের আগে কাগজে-কলমে এগিয়ে ছিল অস্ট্রেলিয়া। বিশ্বকাপের আগে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে অজিদের কাছে হেরেছিল ভারত। ১৩৩ অস্ট্রেলিয়ার জন্য সহজ লক্ষ্যই ছিল। ইনিংসের দশম ওভারে যখন পুনমের হাতে বল দেওয়া হয় তখন অস্ট্রেলিয়ার সংগ্রহ ২ উইকেটে ৫৮ রান। তিন ওভারের স্পেলে ৪ উইকেট তুলে নেন তিনি। নিজের দ্বিতীয় ওভারে হ্যাটট্রিকের সুযোগ আসে। উইকেট কিপার তানিয়া ভাটিয়া ক্যাচ মিস না করলে ইতিহাস তৈরি করে ফেলতে পারতেন পুনম। তার সেই স্পেলটি শেষে অস্ট্রেলিয়ার সংগ্রহ দাঁড়ায় ১৪ ওভারে ৮২ রানে ৬ উইকেট। সেখান থেকে আর ঘুরে দাঁড়াতে পারেনি তারা। অজিদের হয়ে এলিসা হিলি (৫১) এবং অ্যাশলে গার্ডনার (৩৪) বাদে আর কেউ দুই অঙ্কের ঘরে রান করেননি। শেষ দিকে শিখা পান্ডে তুলে নেন আরও ৩ উইকেট। তাতেই জয় নিশ্চিত হয় ভারতের। এছাড়া শিখা ১৪ রানে ৩ উইকেট নেন। তার আগে ভারত ব্যাটিংয়ে নেমে দলীয় ৪৭ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে। পরে দিপ্তি শর্মার অপরাজিত ৪৯ এবং জেমাইমা রদ্রিগেজের ২৬ রানে ভর করে লড়াইয়ের পুঁজি পায় ভারত। 

গ্রুপে ভারতের দ্বিতীয় ম্যাচ ২৪ তারিখ বাংলাদেশের বিপক্ষে। একই দিনে অস্ট্রেলিয়া খেলবে শ্রীলঙ্কার বিপক্ষে।