যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রুশ হস্তক্ষেপ নিয়ে আইনপ্রণেতাদের মিথ্যে বলা, তদন্তে বাধা ও সাক্ষীদের প্রভাবিত করার অভিযোগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাবেক উপদেষ্টা নজার স্টোনকে ৪০ মাসের কারাদণ্ড দিয়েছে দেশটির একটি আদালত।
গত বছরের নভেম্বরেই দোষী সাব্যস্ত হয়েছিলেন স্টোন। গত বৃহস্পতিবার বিচারক অ্যামি বারম্যান জ্যাকসনের সাজার মেয়াদ জানান। কারাদণ্ডের পর স্টোনকে দুই বছর নজরদারির মধ্যেও থাকতে হবে। বিচারক তাকে ২০ হাজার ডলার জরিমানা এবং ২৫০ ঘণ্টার ‘কমিউনিটি সার্ভিস’ দিতেও নির্দেশ দিয়েছে বলে জানিয়েছে বিবিসি। ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিক শিবিরের সঙ্গে রাশিয়ার সন্দেহভাজন আঁতাত নিয়ে তদন্তে ওঠা বিভিন্ন অভিযোগে সাজাপ্রাপ্ত ট্রাম্পের উপদেষ্টাদের মধ্যে স্টোন ষষ্ঠ। ৬৭ বছর বয়সী এ রিপাবলিকান উইকিলিকসের সঙ্গে যোগাযোগের চেষ্টা নিয়ে যুক্তরাষ্ট্রের কংগ্রেসের প্রতিনিধি পরিষদের গোয়েন্দাবিষয়ক কমিটিকে মিথ্যা বলার অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন।