হাইকোর্ট এলাকায় চাঁদাবাজি: ঢাবির ২ ছাত্রলীগকর্মী আটক

শনিবার ভোরে রাজধানীর হাইকার্ট এলাকায় চাঁদাবাজির সময় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের দুই কর্মীকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় একটি অভিযোগ শাহবাগ থানায় দেওয়া হয়েছে। 

অভিযোগ সূত্রে জানা যায়, শনিবার ভোর সাড়ে চারটার দিকে হাইকোর্ট থেকে একটু সামনে পানির পাম্পের পাশে একটি বালুর ট্রাকের চাকা নষ্ট হয়। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সম্মান তৃতীয় বর্ষের জুবায়ের আহমেদ শান্ত (২০) ও অপরাধ বিজ্ঞান বিভাগের একই বর্ষের আল আমিন (২১) সেখানে গিয়ে তাদের কাছে চাঁদা দাবি করেন।

তারা জিয়াউর রহমান হলের আবাসিক শিক্ষার্থী এবং ছাত্রলীগের কর্মী বলে জানা গেছে।

পুলিশ জানায়, ট্রাকচালকের কাছে নগদ টাকা না পাওয়ায় চালককে মারধর করেন তারা। এরপর তার রকেট অ্যাকাউন্ট (মোবাইল ব্যাংকিং একাউন্ট) থেকে টাকা ট্রান্সফার করে নেন। 

শাহবাগ থানার ওসি আবুল হোসেন জানান, এ সময় ট্রাকের একজন পালিয়ে এসে হাইকোর্টের পাশে থাকা টহল পুলিশকে খবর দিলে দুজনকে হাতেনাতে আটক করা হয়। পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিমের সঙ্গে সমন্বয় করে তাদের থানায় নেয়া হয়।

ট্রাকের সুপারভাইজার সোহেল রানা বলেন, মোবাইল ফোন কেড়ে নিয়ে জোর করে আমার রকেট (মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট) থেকে ১৯৫০ টাকা নেয়। এরপর মেসেজ ডিলিট করে দেয়। পরে টহল পুলিশ এসে আমাদের উদ্ধার করে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এ কে এম গোলাম রব্বানী বলেন, শাহবাগ থানা পুলিশ জিয়া হলের দুইজন শিক্ষার্থীকে চাঁদাবাজির করার সময় হাতেনাতে আটক করে আমাদের জানিয়েছে। এখন আইনশৃঙ্খলা বাহিনী তাদের ব্যাপারে যথাযথ ব্যবস্থা নিচ্ছে।