বিয়ের ৬ বছর পর স্ত্রী সন্তানকে সামনে নিয়ে এলেন সাইমন

৯ বছরের প্রেমপর্ব শেষে ২০১৪ সালের ডিসেম্বর মাসে বিয়ে করেন চিত্রনায়ক সাইমন। সাইমন-দীপার ঘর আলো করে ২০১৬ সালে জন্ম হয় পুত্র সাদিক মো. সাইয়ানের। পুত্রের বয়স এখন চার বছর। পাঁচ মাস আগে জন্মগ্রহণ করে সাইমনের দ্বিতীয় পুত্র সন্তান। সাইমনের বড় ছেলে প্রথম শ্রেণিতে পড়াশোনা করেছে। ছোট ছেলে সাদিক মো. সাইয়্যারের বয়স পাঁচ মাস।

সাইমনের ব্যক্তি জীবনে এত কিছু ঘটলেও সবকিছুই রেখেছিলেন আড়ালে। বিয়ের ৬ বছর পর স্ত্রী সন্তানকে নিয়ে জন সম্মুখে হাজির হলেন সাইমন সাদিক। ২২ ফেব্রুয়ারি শনিবার ফেসবুকে পুত্র সন্তানের ছবি প্রকাশ করে নিজের বিয়ে ও সন্তানের খবর সামনে নিয়ে আসেন এই নায়ক।

ফেসবুক পোস্টে সাইমন লেখেন, ‘কোনো দিন আপনাদেরও বলিনি আমিও বাবা হয়েছি। আমার বড় ধন, আমার জীবন, আমার সন্তান, সাদিক মো. সাইয়্যান, আমার বড় ছেলে। ও তার বিদ্যালয় জীবনের প্রথম পরীক্ষায়, প্রথম হয়েছে। একজন বাবা হিসেবে এটাই আমার সেরা মুহূর্ত। আমার টুকটুকের জন্য দোয়া করবেন, যেন মানুষের মতো মানুষ হয়। বাংলাদেশকে যেন অনন্য উচ্চতায় নিয়ে যায়। আমাকে ক্ষমা করবেন, ওকে এত দিন পর আপনাদের সামনে আনার জন্য।’

দেশ রূপান্তরকে সাইমন বলেন, ‘নানা কারণেই এত দিন বিষয়টি কাউকে জানানো হয়নি। এখন মনে হচ্ছে জানানো উচিত, তাই ব্যক্তি জীবন সম্পর্কে সবাইকে জানালাম। আমাদের জন্য সবাই দোয়া করবেন।’

২০১২ সালে জাকির হোসেন রাজু পরিচালিত ‘জি হুজুর’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে রূপালি পর্দায় অভিষেক ঘটে সাইমনের। ২০১৩ সালে ‘পোড়ামন’ ছবিতে অভিনয় করে দর্শকের কাছে বিপুল পরিচিতি পান এ নায়ক। এরপর ‘এর বেশি ভালোবাসা যায় না’, ‘তোমার কাছে ঋণী’, ‘স্বপ্নছোঁয়া’, ‘তুই শুধু আমার’, ‘ভুলতে পারি না তারে’, ‘অ্যাকশন জেসমিন’, ‘ব্ল্যাক মানি’, ‘চুপি চুপি প্রেম’, ‘মাটির পরী’, ‘পুড়ে যায় মন’, ‘অজান্তে ভালোবাসা’, ‘জান্নাত’সহ অসংখ্য সিনেমায় কাজ করেছেন সাইমন। ‘জান্নাত’ সিনেমায় অভিনয়ের জন্য ২০১৮ সালের শ্রেষ্ঠ নায়ক হিসেবে পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। বর্তমানে এই নায়ক কাজ করছেন মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত ‘আনন্দ অশ্রু’ ছবিতে।