উপস্থাপনায় অভিষেক সুজানার

কয়েক বছর ধরে ফ্যাশন মিডিয়ায় কাজ করছেন তরুণ প্রজন্মের প্রতিশ্রুতিশীল মডেল সুজানা জাহেদী। তিনি পড়াশোনা করছেন  ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের তৃতীয় বর্ষে। মডেলিং পছন্দ করলেও তাকে বেশি টানে নির্মাণ ও উপস্থাপনা। তাই তো এবার মডেলিংয়ের পাশাপাশি উপস্থাপনায় এলেন। তার প্রথম টিভি অনুষ্ঠানের নাম ‘গুডলাক অমর একুশে গ্রন্থমেলা’। চ্যানেল ২৪-এ প্রতিদিন সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে প্রচার হচ্ছে। সুজানা বলেন, ‘উপস্থাপনা করতে খুব ভালো লাগছে। অনেক দিনের ইচ্ছা ছিল নিজেকে সুন্দরভাবে উপস্থাপন করার। সেটি উপস্থাপনার মধ্য দিয়ে করা সম্ভব। আমার শিক্ষকরা ও অনুষ্ঠানের সঙ্গে যুক্ত সবাই খুব উৎসাহ জোগাচ্ছেন। ভবিষ্যতেও ভালো অনুষ্ঠান উপস্থাপনা করতে চাই। তবে বেশি ঝোঁক নির্মাণের দিকে। শোবিজে অভিনয় করার ইচ্ছা আপাতত নেই।’ শোবিজে অভিনয় না করলেও সুজানা এরই মধ্যে নাট্যকলা বিভাগের দুটি প্রযোজনায় অভিনয় করেছেন। একটি হলো শেক্সপিয়রের ‘ম্যাকবেথ’, অন্যটি ভারতীয় নাট্যশাস্ত্রের অনুপ্রেরণায় রচিত ‘রসপূরান’।