নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সাদিপুর ইউনিয়নের পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয়ের মাঠ রক্ষার দাবিতে ক্লাস বর্জন করে বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা। পরে মিছিলটি স্থানীয় বাজার ঘুরে পঞ্চমীঘাট এলাকায় রাস্তা অবরোধ করে।
শিক্ষার্থীরা জানায়, পঞ্চমীঘাট বিদ্যালয়ের পশ্চিম পাশে একটি নতুন ভবন নির্মাণ করা হচ্ছে। এটি নির্মিত হলে বিদ্যালয়ের মাঠের মাঝখান পর্যন্ত দখল হয়ে যাবে। এতে বিদ্যালয়ের মাঠটি খেলাধুলার উপযোগী থাকবে না।
পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম জানান, আগে এখানে একটি পুরনো টিনের ঘর ছিল। বর্তমানে সেখানে একটি বহুতল ভবন নির্মাণ করা হচ্ছে। সেজন্য একটু বেশি জায়গার প্রয়োজন হচ্ছে। তাই মাঠটি সংকুচিত হয়ে যাচ্ছে।
ভবন নির্মাণের কাজ আপাতত স্থগিত থাকবে বলে জানিয়েছে স্কুলের ম্যানেজিং কমিটি। স্থানীয় সাংসদ বিদেশ থেকে ফেরার পর এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।