রাজধানীতে মেডিকেল ছাত্রীসহ দুজনের লাশ

রাজধানীর মগবাজার থেকে বেসরকারি আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের শিক্ষার্থী উম্মে ফাহিমা হোসেন দিবা (২৬) ও বিমানবন্দরের কাওলা এলাকার একটি নার্সারি থেকে আবদুর রব পাভেল (১৯) নামে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল শনিবার লাশগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।

পরিবারের বরাত দিয়ে দিবার লাশ উদ্ধারকারী রমনা থানার এসআই মো. মামুনুর রশিদ জানান, দিবা আদ-দ্বীন মেডিকেল কলেজের এমবিবিএস ফাইনাল ইয়ারের ছাত্রী ছিলেন। ফাইনাল পরীক্ষায় ফেল করার পর তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। শুক্রবার রাত সাড়ে ৩টা থেকে ভোর ৫টার মধ্যে কোনো এক সময় দিবা বাথরুমের ঝরনার সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

দিবার বাড়ি গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার রমাদিয়া গ্রামে। স্বামীর নাম শরীফ শাহরিয়ার শুভ। স্বামী ও এক মেয়েকে নিয়ে তিনি ৯২ নম্বর বড় মগবাজার ইস্টার্ন টিউলিপের ৩০১ নম্বর ফ্ল্যাটে থাকতেন। ময়নাতদন্ত শেষে গতকাল বিকেলে লাশ স্বজনরা নিয়ে যান।

এদিকে গতকাল সন্ধ্যায় রাজধানীর বিমানবন্দরের কাওলা এলাকার একটি নার্সারি থেকে আবদুর রব পাভেলের লাশ উদ্ধার করে পুলিশ। তার মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। তবে কে বা কারা তাকে হত্যা করেছে, সে বিষয়ে কিছু জানাতে পারেনি পুলিশ। বিমানবন্দর থানার এসআই সুমন চন্দ্র দাস জানান, খবর পেয়ে কাওলা কবরস্থানের পাশের একটি নার্সারি থেকে পাভেলের লাশ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে তাকে হত্যা করা হয়েছে। তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায়। খিলক্ষেত খাপাড়া এলাকায় ভাড়া থাকতেন। আগে স্থানীয় পোশাক কারখানায় কাজ করতেন তিনি।