চট্টগ্রামে ফার্নেস অয়েলসহ তেলবাহী জাহাজ আটক

চট্টগ্রামে ৯৫ টন ফার্নেস অয়েল ও ৩০ টন মিশ্রিত অকটেনসহ ওশান কুইন এক্সপ্রেস-৩ নামের একটি জাহাজ আটক করেছে কোস্টগার্ড। গত শুক্রবার বিকেলে চট্টগ্রাম বন্দরের বাংলাবাজার থেকে এটি আটক করা হয়।

কোস্টগার্ড সূত্র জানায়, শুক্রবার বিকেলে চট্টগ্রাম বন্দরের বাংলাবাজার এলাকা থেকে ওশান কুইন এক্সপ্রেস-৩ নামের একটি তেলবাহী জাহাজ আটক করে কোস্টগার্ড পূর্বজোনের একটি দল। ওই জাহাজে ৯৫ টন ফার্নেস অয়েল ও ৩০ টন মিশ্রিত অকটেন আছে বলে দাবি কোস্টগার্ডের। এর আগে গত ১০ ডিসেম্বর ওশান কুইন এক্সপ্রেস-১ নামের জাহাজটি আটক করেছিল কোস্টগার্ড। ওই জাহাজের ২৮৩ টন ফার্নেস অয়েল জব্দ করা হয়েছিল।

এ ব্যাপারে কোস্টগার্ড পূর্বজোনের স্টাফ অফিসার লে. কমান্ডার সাইফুল ইসলাম বলেন, ফার্নেস অয়েল ও অকটেনসহ একটি জাহাজ আটক করা হয়েছে। রবিবার (আজ) তা কাস্টমসে হস্তান্তর করা হবে।