চাঁপাইনবাবগঞ্জের মাসুদপুর সীমান্তে ভারত থেকে ভেসে আসা বিলুপ্ত স্ত্রী নীলগাইটির ঠাঁই মিলেছে গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে। গতকাল শনিবার রাজশাহী বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ নীলগাইটি সাফারি পার্ক কর্র্তৃপক্ষের কাছে হস্তান্তর করে।
এর আগে শুক্রবার সকাল ১০টার দিকে চাঁপাইনবাবগঞ্জ মাসুদপুরে ভারতের সীমান্ত এলাকায় পদ্মা নদীর কাদায় আটকে থাকা নীলগাইটি স্থানীয়দের সহায়তায় উদ্ধার করে ৫৩ বিজিবি।
বঙ্গবন্ধু সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা সহকারী বন সংরক্ষক মো. তবিবুর রহমান বলেন, শনিবার সকালে রাজশাহী বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ নীলগাইটি হস্তান্তর করেছে। শরীর ও মাথায় আঘাত থাকায় পার্কের বিশেষ পর্যবেক্ষণ কেন্দ্রে রেখে নীলগাইটিকে চিকিৎসা দেওয়া হচ্ছে।