ওয়েলিংটনে দ্বিতীয় ইনিংসেও ধুঁকছে ভারত

নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়েলিংটন টেস্টের প্রথম ইনিংসে ব্যাটিং ব্যর্থতার পর দ্বিতীয় ইনিংসেও সুবিধা করতে পারছে না ভারত। দেড়শো রানের আগেই নেই দলটির টপ অর্ডারের চার ব্যাটসম্যান।

বেসিন রিজাভে ৪ উইকেটে ১৪৪ রানে রোববার তৃতীয় দিনের খেলা শেষ করেছে ভারত। অজিঙ্কা রাহানে ২৫ ও হানুমা বিহারি ১৫ রানে অপরাজিত রয়েছেন। এখনও ৩৯ রানের লিড রয়েছে নিউজিল্যান্ডের।

দ্বিতীয় ইনিংসে ভারতের এখন পর্যন্ত হারানো চার ব্যাটসম্যানের মধ্যে সর্বোচ্চ ৫৮ রান করেছেন ওপেনার মায়াঙ্গ আগারওয়াল। দ্বিতীয় ইনিংসেও ব্যর্থ বিরাট কোহলি। প্রথম ইনিংসে মাত্র ২ রান করা ভারতীয় অধিনায়ক এবার করেছেন ১৯ রান।  নামের প্রতি সুবিচার করতে পারেননি পৃথ্বীব শ (১৪) ও চেতেশ্বর পুজারা (১১)।

এর আগে প্রথম ইনিংসে ৩৪৮ রানে অলআউট হয় নিউজিল্যান্ড। ৫ উইকেটে ২১৬ রান নিয়ে ব্যাটিংয়ে নেমে আর ১৩২ রান করে অলআউট হয় তারা। চার নিয়ে ব্যাটিংয়ে নেমে শেষ পর্যন্ত ৪৩ রানে উইকেট হন কলিন ডি গ্র্যান্ডহোম।

অভিষেক ম্যাচে বোলিংয়ে দ্যুতি ছড়ানো কাইল জেমিসন ব্যাটিংয়ে সাফল্য দেখিয়েছেন। ৪৫ বলে ৪৪ রান করেন তিনি। ২৪ বলে টি-টোয়েন্টি স্টাইলে পাঁচ চার ও এক ছক্কায় ৩৮ রান করেন ট্রেন্ট বোল্ট!

ভারতের বোলারদের মধ্যে ৬৮ রানে ৫ উইকেট নেন ইশান্ত শর্মা। তিনটি উইকেট নেন রবিচন্দ্রন অশ্বিন। একটি করে উইকেট নেন জাসপ্রিত বুমরাহ ও মোহাম্মদ শামি।