প্লাস্টিকে নিজেদের মুড়ে ফেললেন দুই বিমানযাত্রী (ভিডিও)

করোনাভাইরাস আতঙ্কে বিমানে উঠে প্লাস্টিক দিয়ে নিজেদের মুড়ে ফেললেন দুই যাত্রী। এমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

অ্যালিসা নামে এক টুইটার ইউজার গত সপ্তাহে ভিডিওটি পোস্ট করেন। ক্যাপশনে লিখেন, ‘এই মুহূর্তে বিমানে আমার পেছনে (প্লাস্টিক আবৃত দুই যাত্রী)। যখন আপনি করোনাভাইরাসের প্রবল আতঙ্কে।’

ভিডিওটিতে দেখা যাচ্ছে, বিমানের সিটে বসে দুই নারী-পুরুষ নিজেদের প্লাস্টিকে আবৃত করে ফেলেছেন। দুজনের মুখে মাস্ক।

সামাজিক যোগাযোগমাধ্যমে এক লাখেরও বেশিবার দেখা হয়েছে ভিডিওটি। নেটিজেনদের অনেকেই তাদের এমন পদক্ষেপকে সমর্থন জানিয়েছেন। আবার অনেকের মতে, এভাবে সবার মাঝে বসে প্লাস্টিকে মুড়ে ফেলে করোনাভাইরাসের সংক্রমণ আটকানো সম্ভব নয় ।

প্রসঙ্গত, গত ডিসেম্বরের শেষের দিকে চীনের হুবেই প্রদেশ থেকে নতুন করোনাভাইরাসটি ছড়িয়ে পড়ে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) পরে ভাইরাসটির নাম দেয় কভিড-১৯।

মহামারি আকারে ছড়িয়ে পড়া ভাইরাসটিতে এখন পর্যন্ত মারা গেছে ২৪৬১ জন, যাদের মধ্যে ১৯ জন ছাড়া বাকি সবার মৃত্যু ঘটেছে চীনে।

চীনের বাইরে ২৯টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কভিড-১৯। শনিবার পর্যন্ত ইরানে ৫ জন, দক্ষিণ কোরিয়ায় ৪ জন, জাপানে ৩ জন, হংকং ও ইতালিতে ২ জন করে এবং ফিলিপাইন, ফ্রান্স ও তাইওয়ানে একজন করে আক্রান্তের মৃত্যু হয়েছে।