ফুটবল ভক্ত বাবার কাছে শুনে শুনে খেলা পাগল অন্ধ ছেলে। বাবার সঙ্গে খেলা দেখতে সে হাজির হয় স্টেডিয়ামেও। বাবার চোখ দিয়েই খেলোয়াড়দের যত কারিশমা, গোল দেয়া, সেভ করা সব দেখে সে।
স্টেডিয়ামে পাশে বসে থাকা অন্ধ ছেলেকে খেলার খুঁটিনাটি সব বলতে থাকেন বাবা। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
কলম্বিয়ার আতলেটিকো জুনিয়র ফুটবল ক্লাবের ফ্যান অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামে ভিডিওটি পোস্ট করা হয়েছে।
প্রিয় দলের খেলা দেখতে বাবার সঙ্গে স্টেডিয়ামে যায় অন্ধ কিশোর। প্রিয় দলের জার্সি পরে প্রকাশ করে উচ্ছ্বাস । চোখে দেখতে না পেলে কী হবে, স্টেডিয়ামে বাবা তাকে বলে দিচ্ছে, কী ঘটছে মাঠে। কোন ফুটবলার বল নিয়ে দৌড়াচ্ছেন, কে গোল করলেন, গোল হতে হতেও না হওয়া-সবই সে জানতে পারছে পাশে বসে বাবার দেওয়া ধারাভাষ্যে।
জানা গেছে, কলম্বিয়ার অন্ধ ছেলেটির নাম সেবাস্তিয়ান। এমন মর্মস্পর্শী ঘটনা নেটিজেনদের আবেগী করে তুলে। সবাই সেবাস্তিয়ানের প্রতি ভালোবাসা প্রকাশ করে।