নীলফামারীর সৈয়দপুর বিমান বন্দরে জোরপূর্বক প্রবেশে বাঁধা দেওয়ায় আর্মড পুলিশ সদস্যকে মারধরের অভিযোগে তিন যুবককে আটক করেছে পুলিশ। রবিবার বেলা ১১টার দিকে সৈয়দপুর বিমানবন্দরে প্রবেশ দ্বারে এই ঘটনা ঘটে।
আহত আর্মড পুলিশ সদস্য সেলিম হোসেন বর্তমানে সৈয়দপুর উপজেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানান সৈয়দপুর বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়নের পরিদর্শক সালেকুজ্জামান।
আটককৃতরা হলেন সৈয়দপুর শহরের হাতীখানা মহল্লার ওমর আলী (২৪) ও তার ছোট ভাই হায়দার আলী (২২) এবং একই এলাকার এজাজ আহমেদ (২৫)।
সৈয়দপুর বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়নের পরিদর্শক সালেকুজ্জামান বলেন, সৈয়দপুর বিমানবন্দর আন্তর্জাতিক মানের উন্নীত হওয়ায় বিমান বন্দরে প্রবেশে কঠোর বিধিনিষেধ রয়েছে। আগে যে কেউ চাইলে বিমানবন্দরে প্রবেশ করতে পারতেন, বর্তমানে শুধু যাত্রী আর একজন সহযোগী ছাড়া অন্য কেউ প্রবেশে বাধানিষেধ রয়েছে। কেউ প্রবেশ করতে চাইলে তাকে বিমানবন্দর ব্যবস্থাপকের অনুমতি নিতে হয়।
রবিবার বেলা ১১টার দিকে ওই তিন যুবক মোটরসাইকেল যোগে বিমানবন্দরে প্রবেশ করছিলেন। এ সময় বিমানবন্দর প্রবেশের তল্লাশি গেটে দায়িত্বরত আর্মড পুলিশ সদস্য সেলিম হোসেন ওই তিন যুবককে থামিয়ে তাদের পরিচয় জানতে চান। ওই তিন যুবক নিজেদের পরিচয় না দিয়ে আর্মড পুলিশ সদস্যের ওপর চড়াও হয়ে তাকে এলোপাতাড়ি মারধর শুরু করে।
এ সময় বিমানবন্দরে দায়িত্বরত পুলিশ, আনসার এবং আর্মড পুলিশ সদস্যরা এগিয়ে এসে আর্মড পুলিশ সদস্য সেলিমকে উদ্ধার করে আহত অবস্থায় সৈয়দপুর হাসপাতালে ভর্তি করে এবং ওই তিন যুবককে আটক করে।
বিষয়টি নিশ্চিত করে সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হাসনাত খান বলেন, ‘এ ঘটনায় সৈয়দপুর বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়নের পরিদর্শক সালেকুজ্জামান বাদী হয়ে একটি মামলা দায়ের করায় আটক তিন যুবককে গ্রেপ্তার দেখিয়ে বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’