কুমিল্লায় তরুণকে ছুরিকাঘাতে এবং ঝিনাইদহে সন্তানসম্ভবা গৃহবধূকে পুড়িয়ে হত্যা করা হয়েছে। ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে উদ্ধার করা হয়েছে ব্যবসায়ীর রক্তাক্ত লাশ। ঢাকার বাইরের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:
কুমিল্লা : মাদক বিক্রি এবং সেবনে বাধা দেওয়ায় শরীফুল ইসলাম জনি (২৪) নামে এক তরুণকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। গতকাল রবিবার সকালে জেলার আদর্শ সদর উপজেলার পাঁচথুবী ইউনিয়নের চাঁনপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জনি ওই গ্রামের মৃত বাচ্চু মিয়ার ছেলে। ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ ইয়াসিন, রাজীব ও হাসান মিয়া নামে তিনজনকে আটক করেছে। এ ঘটনায় নিহতের বিক্ষুদ্ধ স্বজন ও এলাকাবাসী হত্যায় অভিযুক্তদের বাড়িঘরে হামলা ও অগ্নিসংযোগ করে বলে অভিযোগ করা হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, রবিবার ভোরের দিকে জনিকে ঘর থেকে ডেকে নিয়ে যায় একই এলাকার ১০-১২ জনের সংঘবদ্ধ একটি গ্রুপ। পরে তার বাড়ির পাশেই চানপুর বনফুল গলির মাথায় জনির বুকে ছুরিকাঘাত করা হয়। এ সময় তার চিৎকারে স্বজনরা এগিয়ে এসে বুকে ছুরিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেন। কিন্তু সেখানকার চিকিৎসকরা ছুরিটি বের করতে না পেরে তাকে ঢাকায় রেফার করেন এবং ঢাকায় নেওয়ার পথে জনি মারা যান।
নিহত জনির মা জোছনা বেগম বলেন, মাদক কারবার এবং সেবনে বাধা দেওয়ায় এলাকার হৃদয় হোসেন, সাগর মিয়া, মো. রফিক, সোহেল মিয়া, রাজীব ও সাগরসহ কয়েকজন জনিকে পরিকল্পিতভাবে হত্যা করেছে।
কোতোয়ালি থানার ওসি আনোয়ারুল হক তিনজনকে আটকের সত্যতা স্বীকার করে বলেন, তদন্ত চলছে, হত্যাকা-ের রহস্য উদ্ঘাটন করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
ঝিনাইদহ : শহরের পুরাতন হাটখোলা এলাকায় মুন্নী আক্তার পিংকী (২৫) নামে সন্তানসম্ভবা স্ত্রীকে পুড়িয়ে হত্যার অভিযোগে স্বামী সোহরাব হোসেন সৌরভকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনিবার রাতে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় পিংকীর মৃত্যু হয়।
পিংকীর মা কাজল বেগমের ভাষ্যমতে, গত ১৬ ফেব্রুয়ারি রাতে শহরের হাটখোলা এলাকায় মুন্নি আক্তার পিংকীর বাড়িতে এসে দুই হাজার টাকা চান সৌরভ। টাকা দিতে অপারগতা প্রকাশ করলে পিংকীকে মারপিটের একপর্যায়ে গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয় সৌরভ। পিংকী শহরের পুরাতন হাটখোলা এলাকার মুন্না হোসেনের মেয়ে। পিংকীকে ধর্ষণের মামলায় গ্রেপ্তার হওয়ার পর সৌরভ তাকে বিয়ে করে বলেও কাজল বেগম জানান। তবে এ বিয়ে সৌরভের পরিবার মেনে নিচ্ছিল না বলেও তিনি স্বীকার করেন। আগুন দিয়ে হত্যার ঘটনায় পিংকীর মা বাদী হয়ে মামলা করলে পুলিশ গ্রেপ্তার করে একই এলাকার আবদুস সাত্তারের ছেলে সোহরাব হোসেন সৌরভকে।
ঠাকুরগাঁও : রানীশংকৈলের গোগর পিছলাপুকুর এলাকার গমক্ষেত থেকে গতকাল রবিবার সকালে তৈয়ব আলী নামে এক গরু ব্যবসায়ীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত তৈয়ব গোগর পশ্চিম ঝাড়বাড়ি গ্রামের খমির উদ্দিনের ছেলে।
এলাকাবাসীর বরাত দিয়ে রানীশংকৈল থানার পুলিশ জানায়, শনিবার বিকেল থেকে নিখোঁজ ছিলেন তৈয়ব আলী।