সিরিয়া ও লিবিয়া ইস্যুতে প্রভাবশালী বিশ্বনেতাদের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ান। আগামী ৫ মার্চ রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন, জার্মান চ্যান্সেলর আঙ্গেলা মের্কেল ও ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে এ বৈঠকে মিলিত হবেন তিনি।
সিরিয়ার ইদলিব পরিস্থিতি নিয়ে গত শুক্রবার ফোনে পুতিন, মের্কেল ও ম্যাক্রোঁর সঙ্গে কথা বলেন এরদোয়ান। ওই ফোনালাপের বিষয়ে এরদোয়ান বলেন, ‘ইদলিবের বিষয়টি আফরিনের মতোই গুরুত্বপূর্ণ। এ বিষয়গুলো নিয়ে কথা বলতে আগামী ৫ মার্চ আমরা মিলিত হব।’
তুর্কি প্রেসিডেন্ট আরও জানান, তার দেশের অভিযান কুর্দি বিদ্রোহীদের দখলে থাকা এলাকাগুলোতে শান্তি ফিরিয়ে এনেছে। ইদলিবেও একইভাবে শান্তি প্রতিষ্ঠা করতে চায় আঙ্কারা। আশা করি এখানেও তারা সফল হবেন, যাতে তাদের এবং সিরীয় ভাইদের স্বার্থ রক্ষা করা সম্ভব হয়।
গত ১৯ ফেব্রুয়ারি তুর্কি পার্লামেন্টে দেওয়া ভাষণে প্রয়োজনে সিরিয়ায় সামরিক অভিযান চালানোর হুঁশিয়ারি দেন এরদোয়ান। তিনি বলেন, ইদলিবে তুর্কি সামরিক অবস্থানের আশপাশ থেকে সিরীয় সেনাদের প্রত্যাহার করা না হলে ফেব্রুয়ারির শেষে সেখানে অভিযান চালাবে আঙ্কারা।
এরদোয়ান বলেন, তুরস্কের আর একজন সেনাও যদি আক্রান্ত হয় তাহলে আসাদ বাহিনীর ওপর হামলা চালাবে আঙ্কারা। যেকোনো মূল্যে স্থল কিংবা আকাশপথে; যেকোনো স্থানে এ হামলা চালানো হবে।