জনগণের স্বার্থরক্ষায় বিএনপি কোনো কাজ করে না বলে দাবি করেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ। তিনি বলেছেন, ‘বিএনপি নেতাদের বক্তব্য শুনলে মনে হয়, দলটি কাজ করে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের স্বার্থরক্ষায়।’
রবিবার মন্ত্রণালয়ের সভাকক্ষে কেব্ল অপারেটিং সিস্টেম বিষয়ে সংবাদ সম্মেলনে মন্ত্রী এসব কথা বলেন। তিনি আরও বলেন, ‘বিএনপি নেতাদের সব কথাবার্তা বেগম খালেদা জিয়ার জামিন, তার স্বাস্থ্য এবং মাঝেমধ্যে তারেক জিয়া সম্পর্কিত। আদালত খালেদা জিয়াকে জামিন দেবে কি না, এটি সম্পূর্ণ তাদের এখতিয়ার। এখানে সরকারের কোনো বক্তব্য নেই।’
হাছান মাহমুদ বলেন, ‘বিএনপি খালেদা জিয়ার জামিন ইস্যুকে রাজনৈতিক রূপ দেওয়ার চেষ্টা করছে। তারা বলার চেষ্টা করছে, বেগম খালেদা জিয়াকে আটকে রাখা হয়েছে। কিন্তু তাকে আটকে রাখা হয়নি। আটকে রাখা তখনই বলা যায়, যখন কাউকে রাজনৈতিক কারণে আটক করা হয়। খালেদা জিয়া দুর্নীতির দায়ে সাজাপ্রাপ্ত হয়ে শাস্তি ভোগ করছেন। এখানে বিএনপি ভুলটা করছে।’
তিনি বলেন, ‘বিএনপির আন্দোলন, মানববন্ধন সবকিছুই ঘুরপাক খাচ্ছে খালেদা জিয়া ও তারেক রহমানকে কেন্দ্র করে। দলটি আসলে কখনো জনগণের দল ছিল না, এখনো নেই।’