লেখায় সময়ের প্রভাব

অমর একুশে গ্রন্থমেলায় বাংলানামা থেকে প্রকাশ হয়েছে মনোজ দের নতুন বই ‘প্রাকৃতজনের বসতে’। প্রচ্ছদ এঁকেছেন রহমান মুফিজ। বইটির মূল্য ১৫০ টাকা। মনোজ দে দেশ রূপান্তরকে বলেন, ‘কথাসাহিত্যিক শওকত আলীর সঙ্গে দেখা করতে গিয়েছিলাম ২০১৪ সালে। আমাদের উদ্দেশ্য ছিল তাকে নিয়ে একটা তথ্যচিত্র নির্মাণ করা। তিনি রাজি না হওয়ায় সেই উদ্দেশ্য সফল হয়নি। কিন্তু দুদিনে বেশ কয়েক ঘণ্টা তার সঙ্গে কথা বলি। তিনি স্মৃতি থেকে কিছু কথা বলেন যা তুলে ধরেছি ‘প্রাকৃতজনের বসতে’ বইটিতে।

হক ফারুক আহমেদের দুটি বই প্রকাশ হয়েছে এবারের বইমেলায়। অন্যপ্রকাশ থেকে এসেছে কাব্যগ্রন্থ ‘মেঘ দরিয়ার মাঝি’ এবং পাঞ্জেরী পাবলিকেশন্স থেকে এসেছে গল্পগ্রন্থ ‘শহরে দেবশিশু’। বই প্রকাশের বিষয়ে হক ফারুক আহমেদ বলেন, ‘লেখালেখিটা মূলত করি মনের আনন্দে। গত বছর আমার প্রথম কাব্যগ্রন্থ প্রকাশ হয়। এবারের মেলায় প্রকাশ হলো দুটো বই। পাঠকের ভালোবাসা নিয়ে আরও লিখতে চাই।’

তরুণ লেখক অনিন্দ্য মামুনের গল্পগ্রন্থ ‘দ্বিতীয় প্রেম’ প্রকাশ করেছে দেশ পাবলিকেশন্স। মেলায় ২৫৩-২৫৪-২৫৫ নম্বর স্টলে বইটি পাওয়া যাচ্ছে। অনিন্দ্য মামুন বলেন, ‘জীবনের পরিচিত মুহূর্তের অনুভূতির কথাগুলো গল্প আকারে ফুটে উঠেছে বইয়ে। গল্পগুলো পড়ার সময় মনে হবে, এ যেন আমাদেরই ফেলে আসা কোনো না কোনো মুহূর্তের প্রতিচ্ছবি, যা মাঝেমধ্যেই স্মৃতি হয়ে আমাদের সামনে আসে। প্রতিটি গল্পেই রয়েছে জীবনবোধের স্পষ্ট ছাপ।’