খালেদা জিয়ার মুক্তি দাবি

স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে গতকাল সোমবার রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছেন স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে কাকরাইল নাইটিঙ্গেল মোড় ঘুরে আবার কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবু ও সাধারণ সম্পাদক আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল।

খালেদা জিয়ার মুক্তি ছাড়াও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়ের হওয়া মামলা প্রত্যাহার ও মিরপুরে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর মিছিলে ‘পুলিশের হামলার’ প্রতিবাদে স্বেচ্ছাসেবক দল এই বিক্ষোভ মিছিল করে।