খালেদা জিয়ার মুক্তি দাবিতে বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবি এবং দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর ওপর হামলার প্রতিবাদে গতকাল সোমবার দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল করেছে স্বেচ্ছাসেবক দল। কয়েকটি স্থানে পুলিশের বাধার অভিযোগ পাওয়া গেছে। প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর

বরিশাল : খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি দাবি এবং রিজভীর ওপর হামলার প্রতিবাদে বরিশালে বিক্ষোভ সমাবেশ করেছে মহানগর স্বেচ্ছাসেবক দল। নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে বিক্ষোভ সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল বের করলে পুলিশের বাধার মুখে পড়েন নেতাকর্মীরা। মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি মাহবুবুর রহমান পিন্টুর সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মশিউর রহমান মঞ্জু, সহসভাপতি মতিউর রহমান মিঠু প্রমুখ।

ফরিদপুর : ফরিদপুর শহরের কোটচত্বর থেকে খালেদা জিয়ার মুক্তির দাবি ও রিজভীর ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল বের করে জেলা স্বেচ্ছাসেবক দল। মিছিলটি মুজিব সড়ক হয়ে সদর হাসপাতালের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনটির নেতাকর্মীরা।

সুনামগঞ্জ : খালেদা জিয়ার মুক্তির দাবিতে এবং রুহুল কবির রিজভীর ওপর পুলিশের হামলার প্রতিবাদে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিলে বাধা দিয়েছে পুলিশ। সকালে জেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে শহরের পুরনো বাসস্টেশন এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে কিছুদূর এগোলেই পুলিশ বাধা দেয়। পরে সেখানেই প্রতিবাদ সমাবেশ করেন নেতাকর্মীরা। জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মুনাজ্জির হোসেনের সমাবেশ পরিচালনা করেন।