লক্ষ্মীপুরে সড়ক সংস্কারে অনিয়ম তদন্তে দুদক

লক্ষ্মীপুর সদর উপজেলায় স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের (এলজিইডি) একটি সড়কের সাড়ে পাঁচ কিলোমিটার সংস্কারকাজে অনিয়মের তদন্ত শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার দুপুরে সদর উপজেলার দত্তপাড়া-মান্দারী সড়কটির বিভিন্ন অংশে দুদক অভিযান চালায়। এ সময় সড়কটির বিভিন্ন অংশে খোঁড়াখুঁড়ি করে সংস্কারকাজের অনিয়ম অনুসন্ধান করা হয়।

অভিযানে দুদক নোয়াখালী জেলা সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক সুবেল আহমেদ, পরিদর্শক মোহাম্মদ শরীফুল ইসলাম ও সদর উপজেলা এলজিইডি প্রকৌশলী (অতিরিক্ত দায়িত্ব) এমদাদুল হক উপস্থিত ছিলেন।

জানা গেছে, সদর উপজেলার দত্তপাড়া-মান্দারী সড়কের সাড়ে ৫ কিলোমিটার সংস্কারকাজে ১ কোটি ৩৮ লাখ টাকা বরাদ্দ দেয় সরকার। চলতি ফেব্রম্নয়ারি মাসে স্থানীয় রিপন এন্টারপ্রাইজ নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান সংস্কারকাজ সম্পন্ন করে।

কিন্তু এর আগে সংস্কারকাজে নিম্নমানের ইট-খোয়া, বিটুমিন ও পাথর ব্যবহার করার অভিযোগে স্থানীয়রা মানববন্ধন কর্মসূচি পালন করে। এরপর ১০৬ নম্বরে কল করে দুদকের কাছে অভিযোগ করে স্থানীয়রা।