যে কোনো সময়ের তুলনায় অর্থনীতি ভালো অবস্থানে: পররাষ্ট্রমন্ত্রী

অতীতের যে কোনো সময়ের তুলনায় বাংলাদেশের অর্থনীতি ভালো অবস্থানে আছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন।

মুজিব বর্ষ উপলক্ষে বাংলাদেশের সঙ্গে বহির্বিশ্বে ব্যবসার দ্বার উন্মোচন করতে সোমবার রাতে রাজধানীর হোটেল ওয়েস্টিনে অনুষ্ঠিত হয়েছে আন্তর্জাতিক বিজনেস ডেলিগেশন সামিট (আইবিডি) ২০২০ এ এমনটা বলেন মন্ত্রী। 

অনুষ্ঠানে দেশে বিনিয়োগের সুষ্ঠু পরিবেশ বিরাজ করছে উল্লেখ করে প্রবাসী ও বিদেশি বিনিয়োগকারীদের অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগের আহ্বান জানান পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। 

বিদেশিদের বিনিয়োগে শতভাগ নিশ্চয়তার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, উন্নয়নে বাংলাদেশ এখন বিশ্বের কাছে রোল মডেল।

অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন বলেন, অতীতের যেকোনো সময়ের চেয়ে বাংলাদেশ অর্থনীতিতে সবচেয়ে ভালো অবস্থানে। জিডিপি আট শতাংশের ওপর, গত দুই বছরে বাংলাদেশে প্রচুর বিনিয়োগ হয়েছে। বিনিয়োগ করছে বিদেশীরা, রেমিট্যান্স গতি ধরে রেখেছে অর্থনীতির। 

২০২২ সালে কাতার বিশ্বকাপকে সামনে রেখে দেশটির সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক বৃদ্ধি করাও এ সামিট আয়োজনের অন্যতম লক্ষ্য। 

এ সময় উপস্থিত ছিলেন এফবিসিসিআই সভাপতি শেখ ফজলে ফাহিম, আইবিডি ডিরেক্টর ভিন্নেট নাম্বিয়ার, আইবিডির প্রধান মুখপাত্র ও মধ্যপ্রাচ্য দূতাবাস কনসালট্যান্ট সুশান সাও, জয়যাত্রা টেলিভিশনের চেয়ারম্যান, আইবিডি সামিট অ্যাম্বাসেডর ও ব্যবসায়ী হেলেনা জাহাঙ্গীর, সংসদ সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটওয়ারী, লিবিয়ার রাষ্ট্রদূত, আইবিডি সামিটের আন্তর্জাতিক অ্যাম্বাসেডর গোলাম মাওলা হাজারী প্রমুখ।

৬ থেকে ৯ এপ্রিল বিশ্বের ১২০ দেশের ব্যবসায়ীদের মাঝে সেতুবন্ধন তৈরিতে আন্তর্জাতিক বিজনেস ডেলিগেশন সামিট অনুষ্ঠিত হতে যাচ্ছে। বাংলাদেশে অনুষ্ঠিত এই সামিট দেশের ব্যবসায়ীদের জন্য কাতারে ব্যবসার দুয়ার উন্মোচন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানান ব্যবসায়ীরা। 

এপ্রিলে কাতারের সেই সামিটে বাংলাদেশের ব্যবসায়ীরা চাইলে যোগ দিতে পারবেন বলে জানিয়েছেন আইবিডি বাংলাদেশের আয়োজকেরা। 

সভায় দেশের তরুণ প্রজন্মকে উদ্ভাবনী উদ্যোগ নিয়ে এগিয়ে আসার আহ্বান জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। 

এ ছাড়া বক্তারা বলেন, পোশাক খাতের পাশাপাশি অন্যান্য খাতেও রপ্তানিযোগ্য পণ্য তৈরিতে এগিয়ে আসতে হবে। 
আইবিডি সামিটের এম্বাসেডর হেলেনা জাহাঙ্গীর বলেন, ২০২২ সালে কাতারের ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে দেশটিতে এখন ব্যাপক ব্যবসার সুযোগ রয়েছে। আমাদের দেশের নতুন উদ্যোক্তাদের জন্য অনেক সম্ভাবনা রয়েছে কাতারে। এ ছাড়া সম্প্রতি করোনাভাইরাসের কারণে চীনের সঙ্গে বহির্বিশ্বের ব্যবসার একটা অপূরণীয় ক্ষতি হয়ে গেছে। এমতাবস্থায় আমাদের যদি বিকল্প ব্যবসায়িক ফিল্ড বের না করা হয়, তাহলে দেশের অর্থনীতিতে ব্যাপক ধস নামার সম্ভাবনা রয়েছে। এমতাবস্থায় আমরা কাতারসহ মধ্যপ্রাচ্যে ব্যবসার নতুন বাজার খুঁজছি। যা এপ্রিলে কাতারের সামিটে নতুন দুয়ার উন্মোচন করা হবে।