‘হামারে সাথ পুলিশ ভাই হ্যায়’, দিল্লিতে হামলাকারীর ভিডিও ভাইরাল

ভারতে বিতর্কিত নাগরিকত্ব আইন (সিএএ) বিরোধী বিক্ষোভে উত্তাল দিল্লি। সিএএ সমর্থনকারীরা হামলা চালিয়েছে বিক্ষোভকারীদের ওপর। গত তিনদিনে সংঘর্ষে এখন পর্যন্ত মারা গেছে ১০ জন, যার মধ্যে আছেন একজন পুলিশ কর্মকর্তাও।

এদিকে সংঘর্ষ চলাকালীন এক সিএএ সমর্থনকারীর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে পড়েছে। বিক্ষোভকারীদের লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপের নিক্ষেপের সময় এই ভিডিওটি করে সে।

‘হামারে সাথ পুলিশ ভাই হ্যায়’-ভিডিওটিতে এমন মন্তব্য করতে দেখা যায় ওই যুবককে। পরে ‘পুলিশ প্রশাসন জিন্দাবাদ’ স্লোগান দেয় সে। সেই সঙ্গে ‘জয় শ্রীরাম’ স্লোগান দিতেও দেখা যায় তাকে।

মঙ্গলবার সকালে নতুন করে উত্তপ্ত হয়ে উঠে ভারতের রাজধানী। এ দিন এক সাংবাদিককে লক্ষ্য করে গুলিও ছোড়া হয় বলে জানা গিয়েছে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে আরও ৩০ জন ভর্তি হয়েছেন।

কয়েকটি এলাকায় মসজিদেও হামলা চালায় সিএএ সমর্থনকারীরা। জ্বলন্ত মসজিদের ছবি তুলতে গেলে প্রচণ্ড মারধর করা হয় এনডিটিভি চ্যানেলের দুই সাংবাদিক অরবিন্দ গুণশেখর ও সৌরভ শুক্লাকে।

এদিন উত্তর-পূর্ব দিল্লির মৌজপুরে হামলাকারীদের গুলিতে জখম হয়েছেন জে কে ২৪X৭ নিউজ চ্যানেলের সাংবাদিক আকাশ। তাকে চিকিৎসার জন্য ভর্তি করা হয় স্থানীয় হাসপাতালে। ওই এলাকাতেই ছবি তুলতে গিয়ে আক্রান্ত হন টাইমস অব ইন্ডিয়ার চিত্র সাংবাদিক অনিন্দ্য চট্টোপাধ্যায়।

সিএএ-র বিরুদ্ধে গত কয়েক সপ্তাহ ধরেই অবস্থান বিক্ষোভ চলছিল জাফরাবাদ, সিলামপুরসহ একাধিক জায়গায়। রবিবার সেখানে সিএএ’র সমর্থনে পাল্টা মিছিল করেন বিজেপি নেতা কপিল মিশ্র। তিন দিনের মধ্যে বিক্ষোভ থেকে সরে না আসলে হুমকি দেন তিনি। এরপরই পরিস্থিতি চরম আকার ধারণ করে। সিএএ বিরোধীদের সঙ্গে দফায় দফায় সংঘর্ষে জড়িয়ে পড়েন সিএএ সমর্থকেরা।