গোপালগঞ্জে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা দ্বিতীয় শিফট চালুর দাবিতে মানববন্ধন ও ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করেছেন। গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে ইনস্টিটিউটের শিক্ষার্থীরা দ্বিতীয় শিফট চালুর দাবিতে প্রথমে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার চন্দ্রদিঘলিয়া এলাকায় রাস্তার পাশে মানববন্ধন কর্মসূচি পালন করেন। পরে তারা সেখানে রাস্তার ওপর বিক্ষোভ করতে থাকেন। ঘণ্টাব্যাপী এই কর্মসূচি চলাকালে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
ইনস্টিটিউটের কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী বাঁধন হালদার বলেন, প্রশাসন, স্থানীয় জনপ্রতিনিধি এবং শিক্ষকরা অনুরোধ করে রাস্তা থেকে তাদের অবরোধ তুলে দেয়। শিক্ষকরা জানিয়েছেন, দ্রুত সময়ের মধ্যে তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে শিক্ষার্থীদের ভালো কোনো সংবাদ জানাবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন।