শিক্ষার্থীদের জাদুঘরে নিয়ে মুক্তিযুদ্ধে পুলিশের অবদান জানানো হচ্ছে

মুক্তিযুদ্ধে পুলিশ বাহিনীর অবদান সম্পর্কে শিক্ষার্থীদের ধারণা দেওয়া হচ্ছে। তাদের রাজধানীর রাজারবাগের বাংলাদেশ পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘরে নিয়ে ঘুরিয়ে দেখানো হচ্ছে। বছরব্যাপী এই কর্মসূচি হাতে নিয়েছে পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘর। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে এ কর্মসূচিতে রাজধানীর বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের আমন্ত্রণ জানানো হচ্ছে। 

গতকাল মঙ্গলবার সকালে কাকরাইলের উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের ৬০ শিক্ষার্থী পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘরে গিয়ে এ প্রদর্শনী দেখে। সেখানে তাদের মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধে পুলিশের অবদান সম্পর্কিত নানা তথ্য ও ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। এ সময় কর্মসূচির সমন্বয়ক অতিরিক্ত পুলিশ সুপার ফারজানা ইমরোজ উপস্থিত ছিলেন। তিনি শিক্ষার্থীদের বিভিন্ন বিষয়ে ধারণা দেন ও তাদের প্রশ্নের উত্তর দেন।

কর্মসূচি সম্পর্কে বাংলাদেশ পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘরের দায়িত্বে থাকা সহকারী পুলিশ সুপার নজরুল ইসলাম দেশ রূপান্তরকে বলেন, ‘মুজিববর্ষ উপলক্ষে আমরা বছরব্যাপী এ কর্মসূচি হাতে নিয়েছি। ধাপে ধাপে রাজধানীর বিভিন্ন প্রসিদ্ধ স্কুলের শিক্ষার্থীদের এখানে আনা হবে।’