ডিজিএফআই’র নতুন ডিজি মেজর জেনারেল সাইফুল আলম

প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) নতুন মহাপরিচালক হয়েছেন মেজর জেনারেল মো. সাইফুল আলম। সর্বশেষ তিনি বগুড়ায় একাদশ পদাতিক ডিভিশনের নেতৃত্ব দিয়ে আসছিলেন। নতুন দায়িত্বে তিনি হবেন মেজর জেনারেল মো. সাইফুল আবেদীনের উত্তরসূরি। মেজর জেনারেল সাইফুল আবেদীনকে গুরুত্বপূর্ণ নবম পদাতিক ডিভিশনের জিওসি করে পাঠানো হয়েছে সাভারে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে দেশ রূপান্তরকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। তবে আইএসপিআর থেকে এ সংক্রান্ত কোনো বিজ্ঞপ্তি দেওয়া হয়নি। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক আদেশে এই পরিবর্তন আনা হয়।

এছাড়া পৃথক আদেশে সাভারের জিওসি হিসেবে দায়িত্ব পালন করে আসা মেজর জেনারেল আকবর হোসেনকে মিরপুরে ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজের (ডিএসসিএসসি) কমান্ড্যান্টের দায়িত্ব দেওয়া হয়েছে। সেখানে তিনি মেজর জেনারেল এনায়েত উল্লাহর স্থলাভিষিক্ত হচ্ছেন। মেজর জেনারেল এনায়েত উল্লাহকে সেনা সদর দপ্তরে পাঠানো হয়েছে অ্যাডজুট্যান্ট জেনারেলের দায়িত্ব দিয়ে। আর ওই পদে এতদিন দায়িত্ব পালন করে আসা মেজর জেনারেল হুমায়ুন কবির যশোরে সেনাবাহিনীর ৫৫তম পদাতিক ডিভিশনের জিওসির দায়িত্ব পেয়েছেন।