পুলিশের বাধায় বাংলাদেশ ব্যাংক ঘেরাও কর্মসূচি পালন করতে পারেনি বাম গণতান্ত্রিক জোট।
ব্যাংক ও আর্থিক খাতে দুর্নীতির প্রতিবাদে বুধবার বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবে জড়ো হয়ে বিক্ষোভ মিছিল নিয়ে বাংলাদেশ ব্যাংক অভিমুখে যাওয়ার সময় দৈনিক বাংলা মোড়ে পুলিশি বাধার মুখে পড়েন জোটের নেতাকর্মীরা। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ শেষে জোটের প্রধান সমন্বয়ক বজলুর রশীদ ফিরোজের নেতৃত্বে একটি প্রতিনিধি দল বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক সিরাজুল ইসলামের কাছে একটি স্মারকলিপি তুলে দেন।
সংক্ষিপ্ত সমাবেশে বাম জোটের নেতারা বলেন, ব্যাংক লুটকারী ও ভোট লুটকারীরা আজ একাকার হয়ে গেছে। সরকারের গণবিরোধী আর্থিক নীতির কারণেই দেশের ব্যাংকিং খাত আজ ধ্বংসের পথে। দেশের স্বার্থ বিসর্জন দিয়ে সরকার জনগণের অর্থ লুট করে নিচ্ছে।
ঋণখেলাপিদের বিষয়ে তারা বলেন, বর্তমানে খেলাপি ঋণের পরিমাণ ১ লাখ ১২ হাজার ৪২৫ কোটি টাকা। ঋণখেলাপিরা সিআইপি ও ভিআইপি মর্যাদা পাচ্ছেন আর অন্যদিকে দেশের ১২ হাজার কৃষক সামান্য ঋণ নিয়ে আসামি হচ্ছেন।
সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বাম গণতান্ত্রিক জোটের প্রধান সমন্বয়ক বজলুর রশীদ ফিরোজ, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, সিপিবির সাধারণ সম্পাদক কমরেড শাহ আলম, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকীসহ প্রমুখ।