সপ্তাহে ২ দিন ছেলেকে রাখতে পারবেন ছিদ্দিক

নাট্যাভিনেতা ছিদ্দিকুর রহমানের ছয় বছর বয়সী শিশু তার মা মারিয়া মিমের হেফাজতে থাকবে বলে রায় দিয়েছে হাইকোর্ট। তবে প্রতি সপ্তাহে দুই দিন সিদ্দিকুর রহমান ছেলেকে নিজের কাছে রাখতে পারবেন বলেও সিদ্ধান্ত দিয়েছে আদালত।

শিশুটির মা মিমের করা রিট আবেদনের প্রেক্ষিতে জারি করা রুলের চূড়ান্ত শুনানি নিয়ে বুধবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেয়।

আদালতে মারিয়া মিমের পক্ষে ছিলেন আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া। ছিদ্দিকুর রহমানের পক্ষে ছিলেন আইনজীবী মোহাম্মদ আলী।

আইনজীবীরা জানান, আদালতের আদেশে বলা হয়েছে, শিশুটির অভিভাবকত্ব নিয়ে কোনো পক্ষ চাইলে সংশ্লিষ্ট  আদালতে মামলা করার স্বাধীনতা থাকবে। পাশাপাশি শিশুটিকে বৃহস্পতিবারের মধ্যে মা মারিয়া মীমের কাছে দিতে বলা হয়েছে ছিদ্দিককে।

২০১২ সালে মে মাসে ছিদ্দিকুর রহমানের সঙ্গে মারিয়া মিমের বিয়ে হয়। পরের বছর জুনে তাদের কোলজুড়ে আসে সন্তান। ২০১৯ সালে সালের ১৯ অক্টোবর বিচ্ছেদ হয়ে যায় ছিদ্দিক ও মিমের। এরপর থেকে শিশুটি বাবা ছিদ্দিকুর রহমানের হেফাজতে ছিল।

ছেলেকে নিজের হেফাজতে নিতে হাইকোর্টে যান মিম। এ নিয়ে রুল দেয় হাইকোর্ট। সেই রুলের শুনানি শেষে এ রায় আসে।