যশোরে ছুরিকাঘাতে যুবককে হত্যা

যশোর শহরে দুর্বৃত্তের ছুরিকাঘাতে শেখ ইমরান হোসেন মুন্না (২৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

বুধবার সন্ধ্যায় শহরের হাজি আবদুল করিম সড়কে এ ঘটনা ঘটে।

নিহতের ভাই সাদিকুল ইসলাম জানান, তিন-চার দিন আগে যশোর সদর ফাঁড়ির পুলিশ মাছবাজার এলাকার সন্ত্রাসী পলাশসহ কয়েকজনকে গ্রেপ্তার করে। পলাশের সন্দেহ আমার ভাই তাকে ধরিয়ে দিয়েছে। সন্ধ্যায় মুন্না মাছ বাজারের কাছে চায়ের দোকানে বসেছিল। এ সময় মুন্নার লোকজন তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

যশোর ২৫০ শয্যা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মাহমুদ হাসান পান্নু জানান, সন্ধ্যায় মুন্নাকে গুরুতর অবস্থায় হাসপাতালে আনা হয়। চিকিৎসাধীন অবস্থায় ৬টা ৫০ মিনিটের দিকে তার মৃত্যু হয়। মুন্নার শরীরের ৬টি স্থানে ছুরিকাঘাত করা হয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণেই তার মৃত্যু হয়েছে।

যশোর কোতোয়ালি থানার ওসি মনিরুজ্জামান জানান, পরিবারের পক্ষ থেকে একটি বক্তব্য দেওয়া হয়েছে। এটিসহ কারা কেন তাকে খুন করেছে, তা তদন্ত করা হচ্ছে।